ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়ু দূষণের অপরাধে বেক্সিমকো ফার্মার অঙ্গ প্রতিষ্ঠান ফার্মাটেক কেমিক্যাল লি. কে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বৃহস্পতিবার বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন এই কারখানার ব্যবস্থাপনা পরিচালককে ২০ লাখ টাকা জরিমানা করেন।
সেইসঙ্গে অবিলম্বে কারখানায় দূষণ নিরোধক প্রযুক্তি স্থাপনের নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
এতে বলা হয়, গাজীপুরের টঙ্গীর আউচপাড়ায় অবস্থিত ফার্মাটেক কেমিক্যাল লি.
কারখানা থেকে গত ১০ সেপ্টম্বর দূষিত বায়ু ছড়িয়ে পড়লে নিকটবর্তী একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।
ওই ঘটনার পরপরই পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরীর নির্দেশে ঘটনাস্থলে একটি তদন্ত দল পাঠিয়ে দেখা যায়, এই কারখানায় বায়ুদূষণ নিরোধক প্রযুক্তি নেই, যা পরিবেশ আইন অনুযায়ী স্থাপন করা বাধ্যতামূলক।
বায়ু দূষণের অভিযোগে পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী কারখানার ব্যবস্থাপনা পরিচালককে ২০ লাখ টাকা জরিমানা করেন। এ সময় কারখানার পক্ষে উপস্থিত মহাব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহেবুবুল হক এ ঘটনার দায়-দায়িত্ব স্বীকার করেন এবং পরিবেশবান্ধব সব ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
ওই বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ঘটনার দিন বায়ুর নমুনা সংগ্রহ করে পরিবেশ অধিদপ্তরের গবেষণাগারে পরীক্ষা করে বুধবার পাওয়া ফলাফলে ফার্মাটেক কেমিক্যাল লি. কারখানা সংলগ্ন এলাকায় বায়ুমান পাওয়া যায় এসপিএম যথাক্রমে ৬৬৪ এবং ৩০২ মাইক্রোগ্রাম/ঘনমিটার। অথচ সহনীয় মাত্রা হলো ২০০ মাইক্রোগ্রাম/ঘনমিটার)।
প্রতিমাসে এই কারখানার বর্জ্যের গুণগত মানের বিশ্লেষণ রিপোর্ট পরিবেশ অধিদপ্তরে পাঠানোর নিয়ম থাকলেও তা মানা হয়নি।
এছাড়া এই কারখানার উপজাত হিসাবে এসিটিক এসিড বেআইনিভাবে উৎপাদন করে তা বাজারে বিক্রি করা হচ্ছে। এক্ষেত্রেও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেওয়া হয়নি বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এ বিষয়ে পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী বলেন, “পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করা শিল্প উদ্যোক্তাদের নৈতিক দায়িত্ব। পরিবেশ ছাড়পত্রে উদ্যোক্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হলেও তা মানা হয় না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/১৯২১ ঘ.
bdnews24