২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতে এখনো মৃত্যু হচ্ছে: মুহিত

আগামীতে ক্ষমতায় যেতে পারলে এ ধরনের ঘটনা বন্ধে বিশেষ উদ্যোগ নেয়া হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 12:12 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

সিলেট, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে গেলেও দেশে এখনো হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার দুপুরে সিলেট অডিটোরিয়ামে এক সেমিনারে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, “যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে নিরাপত্তা হেফাজতে এখনো মৃত্যুর ঘটনা ঘটছে। সেটা আইনের শাসনের পরিপন্থী।” আবারো ক্ষমতায় যেতে পারলে এ ধরনের ঘটনা বন্ধে বিশেষ উদ্যোগ নেয়া হবে বলেও জানান মুহিত। যুদ্ধাপরাধের বিচার মহাজোট সরকারের আমলে শেষ করার বিষয়ে আশা প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, “সরকারের এ সময়ের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হবে। এ বিচারের উদ্দেশ্যই হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা।” পাশাপাশি বর্তমান সরকার কোনোরকম দুর্নীতির সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেন মুহিত। তিনি বলেন, “বর্তমান সরকার কখনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিল না। এটা সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে শুরু হয়েছিল।” ‘জঙ্গিবাদ সন্ত্রাস প্রতিরোধ ও দুর্নীতি দমনে ইসলাম’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। জঙ্গিবাদকে ইসলামের শত্রু উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “ইসলাম শুধু শান্তির ধর্ম নয়, এটি শান্তি ও প্রগতির ধর্ম। দুর্নীতি, জালিয়াতি ও জঙ্গিবাদ ইসলামের শক্র। সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলালের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও সৈয়দা জেবুন্নেছা হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৮০৪ ঘ.