ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ও রেলপথের ওপর চাপ কমাতে নৌপথে কন্টেইনার পরিবহনে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ বন্দরে রূপায়ন গ্রুপের নির্মাণাধীন কন্টেইনার পোর্ট পরিদর্শনকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, সড়ক ও রেলপথের ওপর চাপ কমাতে নৌপথে পণ্যবাহী কন্টেইনার পরিবহনে সরকারি ও বেসরকারি কন্টেইনার পোর্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নদীপথে কন্টেইনার আনা নেওয়ায় খরচও তুলনামূলকভাবে কম হবে।
এতে আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্টরা সময়মতো তাদের পণ্য সরবরাহ করতে পারবে বলেও শাজাহান খান মনে করেন।
এ প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন যে, নৌপথে যাত্রী ও পণ্য পরিবহণ খুবই সাশ্রয়ী। সাশ্রয়ী এ নৌপথকে সচল রাখতে সরকার নিরলস কাজ করছে। অযতœ ও অবহেলায় ২৪ হাজার কিলোমিটারের নৌপথ এখন তিন হাজার ৬০০ কিলোমিটারে এসে দাঁড়িয়েছে। এজন্য নদী খননে ১১ হাজার ৪৭৩ কোটি টাকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। ইতোমধ্যে ৩৬টি নৌপথ খননের অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারের পাশাপাশি বেসরকারি খাতে কন্টেইনার পোর্ট নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, সরকারের সহযোগিতা পেতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, নদীর প্রতি ভালবাসা থাকতে হবে। নদী রক্ষা করে উন্নয়ন কর্মকা- করতে হবে।
পরে রূপায়ন গ্রুপের নির্মাণাধীন কন্টেইনার টার্মিনালের নির্মাণ কাজ ঘুরে দেখেন তিনি।
২০০৯ সালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে ২৭ একর জমির ওপর দেশের প্রথম ব্যক্তি মালিকানাধীন কন্টেইনার পোর্ট নির্মাণ শুরু করে রূপায়ন গ্রুপ। বছরে দুই লাখ ৫০ হাজার কন্টেইনার ওঠানামার সুযোগ সম্বলিত এ পোর্ট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। জার্মানির ফাইন্যান্সিং ইনস্টিটিউট ‘ডিইজি’ এতে অর্থায়ন করছে।
২০১৩ সাল নাগাদ এ পোর্টটি চালু হওয়ার কথা। এটি চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০ থেকে ১২ হাজার লোকের কর্মসংস্থান হবে। যা নারায়ণগঞ্জ বন্দরের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার, রূপায়ন পোর্ট কর্তৃপক্ষের উপদেষ্টা ফিরোজ আহমেদ এবং স্থানীয় জনপ্রতিনিধি আব্দুর রশিদ বক্তব্য রাখেন।
রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, স্থানীয় জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল ও পুলিশ সুপার নাজমুল আলম এতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭২৯ ঘ.
bdnews24