ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের দুই মামলায় ডেসটিনি ২০০০ এর ২২ কর্মকর্তার জামিন বাতিল হয়ে গেছে।
জামিন আদেশ পুনর্বিবেচনায় দুর্নীতি দমন কমিশনের আবেদনের শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক বৃহস্পতিবার এই আদেশ দেন।
সেইসঙ্গে ডেসটিনির ওই ২২ কর্মকর্তাকে অবিলম্বে এখতিয়ার সম্পন্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন বিচারক।
তাদের মধ্যে রয়েছেন ডেসটিনি-২০০০ এর চেয়ারম্যান, সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিন, শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মো. হোসেন, মো. গোফরানুল হক, আবুল কালাম আজাদ ও মো. সাইদ উর রহমানও রয়েছেন।
ডেসটিনি কর্মকর্তাদের ঢাকার মহানগর হাকিম আদালত জামিনের আদেশ দিলেও মুদ্রা পাচারের কোনো মামলার শুনানি নেয়ার কোনো এখতিয়ারই তাদের নেই বলে এই সংক্রান্ত আইনে রয়েছে।
সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্লান্টেশেন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ পাচারের ‘প্রমাণ’ পেয়ে দুদকের উপপরিচালক মো. মোজাহার আলি সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মুদ্রা পাচার প্রতিরোধ আইনে মামলা দুটি করেন।
মহানগর হাকিম এরফান উল্লাহ আসামিদের সবাইকে এ মামলায় জামিন দিলে তার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জামিনের ওই আদেশ বাতিল করেন।
তবে পরে আসামি পক্ষের আবেদনে জহুরুল হক ভারপ্রাপ্ত বিচারকের আদেশ বাতিল করলে তা পুনর্বিবেচনার আবেদন করে দুর্নীতি দমন কমিশন, গত ২০ সেপ্টেম্বর ওই আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও অংশ নিয়েছিলেন।
বৃহস্পতিবার শুনানিতে আসামি পক্ষের আইনজীবী কাজী নজিবুল্লা হিরু বলেন, “এ মামলায় হাকিম জামিনের যে আদেশ দিয়েছিলেন, তা বৈধ। মুদ্রা পাচার আইনে হাকিম জামিন দিতে পারবে না, এমন কথা কোথাও বলা নেই।”
নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলায় মহানগর হাকিমের জামিন দেয়ার ক্ষমতা উচ্চ আদালত দিয়েছে জানিয়ে তিনি বলেন, “নারী নির্যাতন আইন একটি বিশেষ আইন। মুদ্রা পাচার আইনও একটি বিশেষ আইন। নারী নির্যাতন মামলায় যদি হাকিম জামিন দিতে পারেন, তবে মুদ্রা পাচার আইনে জামিন দিতে বাধা কোথায়?”
তখন বিচারক আইনজীবী হিরুকে জিজ্ঞাসা করেন, “মুদ্রা পাচার সংক্রান্ত মামলায় হাকিম জামিন দিতে পারবেন উচ্চ আদালত এমন কোনো সিদ্ধান্ত দিয়েছেন কি না?”
জবাবে হিরু বলেন, “আমার জানা নেই।”
“তাহলে এসব কথা বলে লাভ কী?” বলেন বিচারক।
আসামি পক্ষের আরেক আইনজীবী এহসানুল হক সমাজী আদালতকে বলেন, “এ মামলায় যদি হাকিমের জামিন দেয়ার ক্ষমতা নাই থাকে তবে দুদক কেন ডেসটিনির পরিচালক আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য হাকিম আদালতের কাছে হেফাজতের আবেদন করল?
বিচারক মৃদু হেসে সমাজীকে বলেন, “আপনারা তাহলে ওই আবেদনের বিরুদ্ধে আমার কাছে রিভিশন করেন।”
এ সময় সমাজী আদালতকে বলেন, “হাকিম জামিনের যে আদেশ দিয়েছিলেন তাতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।”
অন্যদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আইনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মুদ্রা পাচারের কোনো মামলায় কোনো আবেদন বিবেচনায় নেয়ার এখতিয়ার হাকিম আদালতের নেই।
“ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জামিন সংক্রান্ত বিষয়ে পুনর্বিবেচনার ক্ষমতা আপনার রয়েছে। আপনি জামিন বাতিল করতে পারেন,” বিচারকের প্রতি আবেদন জানান তিনি।
এরপর বিচারক জহুরুল হক জামিন আদেশ বাতিল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমডি/এমআই/১৬৫২ ঘ.
bdnews24