২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বিএনপি নেতা খুন

মেহেরপুর গাংনীর বামুন্দিতে বৃহস্পতিবার স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 09:39 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

মেহেরপুর, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুর গাংনীর বামুন্দিতে বৃহস্পতিবার স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আবদুল আলীম (৪৫) বামুন্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। তিনি স্থানীয় ব্যবসায়ী সমিতিরও সাধারণ সম্পাদক। এ ঘটনায় গুলিবিদ্ধ ইন্তাজ আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিহত আলীমের ভাই। গাংনী থানার ওসি বিমল কৃষ্ণ মল্লিক জানান, রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এ কাজ করেছে তা তদন্তের আগে বলা সম্ভব না। এদিকে, নিহতের পরিবারের এক সদস্য ও স্থানীয় গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু দাবি করেছেন যুবলীগের নিহত নেতা মহির লোকরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। গত জুলাইয়ে স্থানীয় বামুন্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহি খুন হন। এ ঘটনায় আব্দুল আলীমকে আসামি করা হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করলে গত ১৭ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন তিনি। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বামুন্দি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সকাল ১০টার দিকে আলীম বামুন্দি বাজারে যান। সেখান থেকে ৪/৫ জন সন্ত্রাসী তাকে ও তার ভাই ইন্তাজ আলীকে ধরে পাশের একটি ইট ভাটায় নিয়ে গুলি করে। ইন্তাজ গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে এলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ আলীমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৫২৯ ঘ.