২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু নিয়ে আর মন্তব্য নয়: কাদের

পদ্মা সেতু নিয়ে সরকার ভুল ব্যাখ্যা দিচ্ছে বিশ্ব ব্যাংকের এমন বিবৃতির পর এ সেতু নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি নন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 06:48 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ফেনী, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নিয়ে সরকার ভুল ব্যাখ্যা দিচ্ছে বিশ্ব ব্যাংকের এমন বিবৃতির পর এ সেতু নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি নন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে ফেনী সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “এ সেতু নিয়ে আর কোনো মন্তব্য করা সমীচিন হবে না।” “এর আকাশে মেঘ কাটতে শুরু করেছে। তবে তার মানে এই নয় যে, মেঘ পুরোপুরি কেটে গেছে”, যোগ করেন তিনি। অবশ্য পদ্মা সেতু নির্মাণে ‘আরো অনেক দরজা’ খোলা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। গত মঙ্গলবার বিশ্ব ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, পদ্মা প্রকল্পে জড়িত সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ তারা কয়েকদফা বাংলাদেশ সরকারকে দিয়েছে। কিন্তু তাতে সরকারের সাড়া না পেয়েই গত ২৯ জুন সংস্থাটি ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে। “বিশ্ব ব্যাংক সার্বিকভাবে বাংলাদেশের দুর্নীতি পরিস্থিতি, বিশেষ করে পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন। এ কারণে আমরা ইতোমধ্যে জানিয়ে দিয়েছি যে, এ প্রকল্পে বিশ্ব ব্যাংককে নতুন করে চাইলে সেতু নির্মাণ পরিকল্পনা নতুন করে সাজাতে হবে যাতে বিশ্ব ব্যাংক ও অপর ঋণ দাতারা প্রকল্পের ক্রয় কর্মকাণ্ড আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ পায়।” এসব বিষয়ে ‘সন্তোষজনক পদক্ষেপ’ নেয়া হলেই পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংক অর্থ দেবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। পদ্মা সেতু বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে ফেনী সার্কিট হাউসের মত বিনিময়ে কাদের বলেন, “সরে আসার কোনো সুযোগ নেই। ফলে আমাদের দলের কোনো নেতার উচিৎ হবে না এ ব্যাপারে কোনো মন্তব্য করা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১২৪০ ঘ.