ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির মামলায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক বৃহস্পতিবার কোকোকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য বিচারক আগামী ১ নভেম্বর দিন রেখেছেন বলে আদালতের পেশকার ইফতেখার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি জানান, ১৯৮৪ সালের আয়কর আইনের ১৬৫ ও ১৬৬ ধারা অনুযায়ী কোকোর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
এদিন আসামির পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ গঠনের জন্য নতুন করে তারিখ চাইলে আদালত তা নাকচ করে দেন।
অভিযোগ গঠনের শুননির সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম।
এর আগে গত বছরের ২৩ জুন অর্থপাচার মামলায় আরাফাত রহমান কোকোকে ৬ বছর সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালত।
২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডে প্রদর্শিত আয়কর বিবরণীতে ৫২ লাখ ৩৯ হাজার টাকা আয়ের তথ্য গোপন করে তার ওপর প্রযোজ্য কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড ২০১০ সালের মার্চে কোকোর বিরুদ্ধে মামলা করে।
এ মামলায় অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির দিন ছিল গত ১ জুলাই। ওইদিন আসামি পক্ষে সময় চেয়ে আবেদন করলে পরবর্তী দিন ধার্য করা হয় ৫ অগাস্ট। তবে ওইদিন আসামির পক্ষে সময় চেয়ে আবেদন করলে আদালত কয়েক দফা সময় বাড়ায়।
কোকো বিদেশে থাকায় অভিযোগপত্র আমলে নেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তার আইনজীবীরা। তারা যুক্তি দেখান যে, কোকো সরকারের অনুমতি নিয়ে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।
গত ৫ অগাস্ট শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, কোকো পলাতক রয়েছেন।
ওইদিন শুনানিতে বিচারক বলেন, মামলার নথিতে থাকা কাগজপত্রের কোথাও কোকো পলাতক এমন কোনো প্রমাণ নেই। এজন্য ৩০ অগাস্টের মধ্যে কোকোকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ারও নির্দেশ দেয় আদালত।
গত ৩০ অগাস্ট পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি আদালতে দাখিল করলে মামলায় অভিযোগ গঠনের জন্য তারিখ দেয় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/জেকে/১৬৪০ ঘ.
bdnews24