২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে ছাত্র-শ্রমিক সংঘর্ষ

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড শ্রমিকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। ভাংচুর হয়েছে বিভিন্ন ভবন ও কয়েকটি গাড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 06:09 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড শ্রমিকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। ভাংচুর হয়েছে বিভিন্ন ভবন ও কয়েকটি গাড়ি। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাত রাস্তায় এই সংঘর্ষ শুরু হয়। রাত সাড়ে ১২টার দিকে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে দুই পক্ষকে সরিয়ে দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে। শ্রমিকরা বলছে, ছাত্রদের হামলায় তাদের ১২ জন আহত হয়েছে। অন্যদিকে ছাত্রদের দাবি, শ্রমিকদের হামলায় অন্তত ১০ ছাত্র আহত হয়েছে। স্থানীয়রা জানায়, ট্রাক স্ট্যান্ডে পলিটেকনিকের লতিফ ছাত্রাবাসের কয়েকজন ছাত্রের মোবাইল হাতিয়ে নেয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়। এরপর দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। সংঘর্ষের সময় অন্তত পাঁচটি গাড়ি ভাংচুর এবং আগুন ধরানো হয় বলে পুলিশ জানিয়েছে। অগ্নি নির্বাপন বাহিনী গিয়ে গাড়ির আগুন নেভায়। সংঘর্ষের সময় ভাংচুর হয় পলিটেকনিক ইনস্টিটিউট এবং এর আশপাশের কয়েকটি ভবন। তেজগাঁও থানার ওসি ফারুক আহমেদ রাত সাড়ে ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই পক্ষকে সাতরাস্তা থেকে দুই দিকে হটিয়ে দেয়া হয়েছে। পুলিশ হটিয়ে দিলেও রাত ১টা পর্যন্তও উত্তেজনা থামেনি বলে ওই এলাকার বাসিন্দারা জানান। তারা বলেন, সাত রাস্তা মোড়ে পুলিশ অবস্থান নিলেও দুই পক্ষ দুই পাশে রয়েছে। ওসি বলেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/০১২৫ ঘ.