ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনভর ছাত্রীদের ঘেরাওয়ে অবরুদ্ধ ঢাকার ইডেন কলেজের অধ্যক্ষ রওশন আরাকে বৃহস্পতিবার প্রথম প্রহরে উদ্ধার করেছে পুলিশ।
রাত দেড়টার দিকে অধ্যক্ষকে নিয়ে বেরিয়ে এসে ঢাকা মহানগর পুলিশের লালবাগ অঞ্চলের উপকমিশনার হারুন-অর-রশীদ কলেজ ফটকে সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করেই অধ্যক্ষকে মুক্ত করা হয়েছে।
অধ্যক্ষ রওশন আরা সাংবাদিকদের বলেন, ছাত্রীদের দাবির বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ছাত্রাবাসে ফিরে যায়।
অবরুদ্ধ অবস্থায় শিক্ষার্থীদের দাবি ‘অযৌক্তিক’ বললেও মুক্ত হওয়ার পর তিনি বলেন, এই দাবি পূরণের এখতিয়ার কলেজ কর্তৃপক্ষের নেই।
অধ্যক্ষ বুধবার সকাল থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ঘেরাওয়ের মুখে থাকার পর রাত সোয়া ১২টার দিকে পুলিশকে ঢুকতে দেখা যায়।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ অঞ্চলের সহকারী কমিশনার রেজাউল হক তখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন প্লাটুন মহিলা পুলিশ ভেতরে ঢুকেছে।”
রাত ১০টার দিকে কলেজে ভাংচুরের পর কলেজের ফটকের সামনে অবস্থান নেয় পুলিশ। এর এক ঘণ্টা পর ভেতরে ঢোকে তারা।
পুলিশ কোনো ধরনের বলপ্রয়োগ করেনি বলে এক শিক্ষার্থী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
পুলিশ জানায়, শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে ভাংচুর চালায় এবং শিক্ষকদের কয়েকটি গাড়িও ভাংচুর করে।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ পুরুষ কর্মচারীদের দিয়ে তাদের ওপর হামলা চালালে তার প্রতিক্রিয়ায় ভাংচুর চালান তারা।
তবে অধ্যক্ষ রওশন আরা কর্মচারীদের দিয়ে হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এই ধরনের কোনো ঘটনা তার জানা নেই।
“তবে কোনো কর্মচারী যদি এই ধরনের হামলা চালায়, তবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে,” যোগ করেন তিনি।
ইডেন কলেজের নিয়ম অনুযায়ী, ¯œাতক পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্রাবাসের সিট বাতিল হয়ে যায়। এরপর ¯œাতকোত্তর পর্বে ভর্তি হওয়ার পর নতুন করে সিটের আবেদন করতে হয়।
শিক্ষার্থীরা ¯œাতক প্রথম বর্ষ থেকে ¯œাতকোত্তর ডিগ্রি নেয়া পর্যন্ত ছাত্রাবাসে একটানা থাকার দাবি জানিয়ে আসছিলেন।
তারা বলছেন, ¯œাতক ও ¯œাতকোত্তর পর্বের মাঝে ছাত্রাবাসে থাকার সুযোগ হারানোয় তাদের থাকার সমস্যায় পড়তে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছাত্রী বলেন, “দীর্ঘদিন ধরে আমরা একটানা থাকার সুযোগ চেয়ে আসছিলাম। কিন্তু প্রশাসন তাতে কান দেয়নি।
“আজ সকাল থেকে আমরা এই দাবি জানালেও তা না মেনে আমাদের ওপর কর্মচারীদের লেলিয়ে দেয়া হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০১৫৯ ঘ.
bdnews24