চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে নগরীর নয়টি রেস্তোরাঁকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার কাজীর দেউরী ও মোমিন রোড এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবদিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
সিসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে কাজীর দেউরী এলাকার ক্যাফে জামানকে ২৫ হাজার টাকা, লাইলা হোটেলকে ১৫ হাজার, প্যারামাউন্ট হোটেলকে ২৫ হাজার ও খোয়াজা হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মোমিন রোড এলাকার ক্যাফে কদম হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার আলী হোটেল, দস্তগীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মোগল দরবার বিরানী হাউজ ও সুজন রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা করে আরও ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২১০৬ ঘ.
bdnews24