২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেগুনবাগিচায় ফুটপাতের দোকানপাট সরানোর নির্দেশ

২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা পর্যন্ত রাস্তা এবং সেগুনবাগিচা এলাকার ফুটপাতে নাগরিকদের চলাচলে প্রতিবন্ধকতা মুক্ত করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা পর্যন্ত রাস্তা এবং সেগুনবাগিচা এলাকার ফুটপাতে নাগরিকদের চলাচলে প্রতিবন্ধকতা মুক্ত করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেয়। আদালত আদেশে বলেছে, রাজধানীর মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা পর্যন্ত রাস্তা এবং সেগুনবাগিচা এলাকার সব ফেরিওয়ালা, ফলের দোকান, বিক্রির জন্য প্রদর্শিত যে কোনো পণ্য ও দোকান, ফুটপাতে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যে কোনো দোকান বা দপ্তর, রাস্তা বা ফুটপাতের উপর রাখা যে কোনো মালামাল ২৪ ঘণ্টার মধ্যে সরাতে হবে। একইসঙ্গে আদালতের আদেশ বাস্তবায়ন তদারকিতে একটি ট্রাফিক টিম গঠনের নির্দেশনাও দেওয়া হয়। এসব নির্দেশনা বাস্তবায়ন করে দুই সপ্তাহের মধ্যে একটি অগ্রগতি প্রতিবেদন দিতেও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ঢাকা মহানগর পুলিশের জয়েন্ট কমিশনার (ট্রাফিক), ডেপুটি কমিশনার (সাউথ), ডেপুটি কমিশনার ট্রাফিক সাউথ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকা জেলার প্রশাসক, শাহবাগ ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অন্তর্বর্তীকালীন এসব আদেশ বাস্তবায়ন করতে হবে। নাগরিকদের অবাধ চলাচল নিশ্চিত করতে রাজধানীর মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা পর্যন্ত রাস্তা এবং সেগুনবাগিচা এলাকার ফুটপাতে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সব দোকান ও পণ্য অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, জয়েন্ট কমিশনার (ট্রাফিক), ডেপুটি কমিশনার (সাউথ), ডেপুটি কমিশনার ট্রাফিক সাউথ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকা জেলার প্রশাসক, শাহবাগ ও রমনা থানার ভারপাপ্ত কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। ফুটপাতে অবাধ চলাচলে প্রতিবন্ধকতা এড়াতে আদালতের নির্দেশনা চেয়ে এর আগে সকালে একটি রিট আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৮৪৪ ঘ.