চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীমের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম বেলায়েত হোসেন বুধবার মহানগর হাকিম আলী মনসুরের আদালতে মামলাটি দায়ের করেন।
বাদির আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, বিচারক অভিযোগ আমলে নিয়ে আগামী ১১ অক্টোবরের মধ্যে আসামিকে আদালতে হাজির হতে বলেছেন।
মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন গণমাধ্যমে চেম্বার সভাপতি মোরশেদ মুরাদের কটূক্তিতে শুধু নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর সম্মানহানি ঘটায়নি, নগর আওয়ামী লীগকেও ক্ষতিগ্রস্ত করেছে।”
এর আগে মঙ্গলবার মহানগর হাকিম লুৎফুল মজিদ নয়নের আদালতে একই অভিযোগে মোরশেদ মুরাদের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য অ্যাডভোকেট মো. তসলিম উদ্দিন।
আদালত অভিযোগের তদন্ত করে আগামী একমাসের মধ্যে প্রতিবেদন দিতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনারকে নির্দেশ দেন।
আইনজীবী মেজবাহ উদ্দিন বলেন, চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ সাবেক মেয়র মহিউদ্দিনকে নিয়ে দেয়া বিবৃতিতে ‘বিভিন্নভাবে’ কটূক্তি করেছেন।
“মোরশেদ মুরাদ বলেছেন, মহিউদ্দিন চৌধুরীর আন্দোলন ব্যবসায়ীদের চাপে রেখে আর্থিক সুবিধা আদায়ের অপকৌশল। মহিউদ্দিন চরম দৈন্যদশা থেকে আজ বিশাল সম্পদের মালিক হয়েছেন। বন্দর নিয়ে নতুন নতুন আন্দোলন প্রকৃতপক্ষে ব্যবসায়ীদের মানসিক চাপে রেখে আর্থিক সুবিধা আদায়ের অপকৌশলমাত্র।”
তার ওই বিবৃতি গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় দৈনিক পূর্বকোণ, দৈনিক আজাদীসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় বলে মেজবাহ উদ্দিন জানান।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মহিউদ্দিন চৌধুরী আন্দোলন শুরু করলে চট্টগ্রাম চেম্বারের সভাপতি এবং আওয়ামী লীগ দলীয় সাংসদ এম এ লতিফ এর বিরোধিতা করেন।
এর এক পর্যায়ে এনসিটির টেন্ডার প্রক্রিয়া বাতিল করা হয়। এরপর গত ২২ সেপ্টেম্বর বিভিন্ন সংবাদপত্র কার্যালয়ে পাঠানো এক বিবৃতিতে চেম্বার সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহীম বন্দর নিয়ে মহিউদ্দিন চৌধুরীর আন্দোলন এবং তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলে বক্তব্য দেন।
মোরশেদ মুরাদ ইব্রাহীম আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া তার স্ত্রী মাহজাবীন মোরশেদ জাতীয় পার্টি থেকে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/১৮৩০ ঘ.
bdnews24