ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাস এয়ারের আটকেপড়া ১২শ হজযাত্রী একদিন পর সৌদি আরব রওনা হয়েছেন।
উড়োজাহাজ না আসায় সোমবার থেকে এই হজযাত্রীরা আটকা পড়েন। মঙ্গলবার রাতে ওই হজযাত্রীদের সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ।
হাব সভাপতি মো. জামাল উদ্দিন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা নাস এয়ারের উড়োজাহাজ সমস্যার কারণে আটকে পড়েছিলেন, তাদের গত রাত থেকে সৌদি আরবের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।”
সৌদি আরব থেকে উড়োজাহাজ সময়মতো ঢাকায় না পৌঁছানোয় ফ্লাইটসূচি ঠিক রাখতে ব্যর্থ হয় সৌদি আরবের বেসরকারি এই বিমান সংস্থা।
এ বিষয়ে নাস এয়ারের ঢাকা কার্যালয়ে যোগাযোগ করা হলে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় একটি, ভোর ৪টায় একটি, ৫টায় একটি উড়োজাহাজে করে আটকেপড়া যাত্রীদের পাঠানো হয়।
“মঙ্গলবারের নিয়মিত যাত্রীদের আজ পাঠানোর প্রক্রিয়া চলছে। আজকের সূচিভুক্ত যাত্রীদের আমরা আগে থেকেই জানিয়েছি যে ফ্লাইটগুলো কয়েক ঘণ্টা দেরিতে ছাড়বে।”
দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে এবছর শুধু বিমান, সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স এবং নাস এয়ারওয়েজই হজযাত্রী পরিবহন করছে।
জামাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা হজ ফ্লাইট শুরুর অনেক আগে থেকেই মন্ত্রণালয়কে বলে আসছিলাম, যেন নাসকে এ দায়িত্ব দেয়া না হয়। গত বছরেও হজ ফিরতি ফ্লাইট পরিচালনা করতে গিয়ে হাজীদের চূড়ান্ত সমস্যার কারণ হয় এ প্রতিষ্ঠানটি।”
গত বছর হজ পরবর্তী ফিরতি ফ্লাইট পরিচালনায় করতে গিয়ে নাস এয়ারের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছিল। এ কারণে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নাস এয়ারকে কালো তালিকাভুক্তও করে।
এ বছর মোট ১ লাখ ১২ হাজার ৫৬৮ জন হজ করতে যাওয়ার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ২ হাজার ৯৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১ লাখ ৯ হাজার ৬০৩ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৬২৫ ঘ.
bdnews24