ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতির খুনি আগামী ১০ অক্টোবরের মধ্যে বিচারের কাঠগড়ায় না উঠলে ১৫ অক্টোবর ঢাকায় সাংবাদিক মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়েছে।
বিভিন্ন দাবিতে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এই ঘোষণা দেন।
এছাড়া ৭ অক্টোবর সব সাংবাদিক সংগঠনগুলোকে নিয়ে জাতীয় প্রেসক্লাবে মতবিনিময় এবং ১১ অক্টোবর সাগর-রুনি স্মরণে সভার কর্মসূচিও ঘোষণা করেন এই সাংবাদিক নেতা।
১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনির খুনি গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের আশা প্রকাশের পরই সাংবাদিকদের এই কর্মসূচি এল।
গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। তবে এখন পর্যন্ত এই হত্যারহস্যের কোনো সুরাহা হয়নি।
এই সাংবাদিক দম্পতি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি যৌথভাবে বুধবার সমাবেশ করে।
ইকবাল সোবহান বলেন, “বৃহত্তর আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করতে মতবিনিময় সভা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সাংবাদিক মহাসমাবেশ থেকে আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে ও আস্থা রেখে এই কর্মসূচি ঘোষণা করা হল জানিয়ে তিনি বলেন, “আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত হতে চাই।”
নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দেখা করেছিলেন সাংবাদিক নেতারা। ওই সময় তিনি আশার কথা শোনানোর পাশাপাশি বলেন, র্যাব ‘সর্বোচ্চ মনোযোগ’ দিয়ে তদন্ত চালাচ্ছে।
‘সাংবাদিকতার শত্রু মাহফুজুর’
সাংবাদিক সমাবেশে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে ‘সাংবাদিকতার শত্রু’ অভিহিত করেন সাংবাদিক নেতারা।
সাগর-রুনির জীবনাচরণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য সাংবাদিক সংগঠনগুলোর সমালোচনার মুখে থাকা মাহফুজুর রহমান সম্প্রতি সাংবাদিক নেতাদের বিরুদ্ধে একটি মামলা করেন।
মামলার সমালোচনা করে অন্যতম বিবাদী ইকবাল সোবহান বলেন, “আগামী ২৯ নভেম্বর সব সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং মুক্তমনের মানুষদের নিয়ে আমরা আদালতে যাব। দেখতে চাই আদালতের জায়গা কতটুকু।”
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অন্য অংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, মাহফুজুর রহমান গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
মাহফুজকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বিদেশ যাবা, ৩/৪টা বৌ নিয়ে ঘুরবা, তা হবে না। তুমি সাপের লেজে পা দিয়েছ।”
“আমরা দেখতে চাই, ১০ অক্টোবরের মধ্যে মাহফুজ গ্রেপ্তার হয়েছে। তার বিদেশ যাওয়া বন্ধ হয়েছে,” সরকারের উদ্দেশ্যে বলেন রুহুল আমিন।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব শওকত মাহমুদ বলেন, “মামলা দিয়ে মাহফুজুর রহমান সাংবাদিক সমাজকে অপমানিত করেছেন। এই মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা দেশের বাইরে যাব না, আপনিও দেশের বাইরে যেতে পারবেন না।”
‘অনলাইন নীতিমালা নয়’
অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নের উদ্যোগের বিরোধিতা করে শওকত মাহমুদ বলেন, “অনলাইন নীতিমালা অনুমোদন করতে দেয়া হবে না, আমরা মুক্ত গণমাধ্যম চাই।”
রুহুল আমিন গাজীও অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়নের উদ্যোগের সমালোচনা করেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর পরিচালনায় সমাবেশে বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল, ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, বিএফইউজের একাংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজের দুই অংশের সভাপতি ওমর ফারুক ও আবদুস শহীদ এবং একাংশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৬০৫ ঘ.
bdnews24