ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই ও দলের উপদেষ্টা সাঈদ এস্কান্দারের মরদেহ ঢাকা পৌঁছেছে।
বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই সাবেক সাংসদের কফিন নিউইয়র্ক থেকে দেশে পৌঁছায়।
শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কফিন গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী দলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ।
দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, কেন্দ্রীয় নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংসদ জয়নুল আবেদীন (ভিপি জয়নাল), আবুল খায়ের ভূঁইয়া, সাবেক হুইপ শহীদুল হক জামালসহ অঙ্গসংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে মরহুমের কফিন নিয়ে যাওয়া হয় তার বারিধারার পার্ক রোডের বাসায়। সেখানে বিএনপি নেতারাসহ বিশিষ্টজনরা তার প্রতি শ্রদ্ধা জানাবেন।
ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সাঈদ গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান। তিনি ফেনী জেলা বিএনপির সভাপতিও ছিলেন।
সোমবার নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার এই বিএনপি নেতার প্রথম জানাজা হয়। দেশে তার প্রথম জানাজা হবে বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
এরপর কফিন নেয়া হবে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দলের নেতা-কর্মীরা তাদের প্রয়াত উপদেষ্টার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।
বিকালে গুলশানের আজাদ মসজিদে সর্বশেষ জানাজার পর বনানীর সামরিক কবরস্থানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সাঈদ এস্কান্দারকে দাফন করা হবে।
তার মৃত্যুতে মঙ্গলবার দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করে শোক পালন করে বিএনপি। এর অংশ হিসাবে নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/০৯৪৫ ঘ.
bdnews24