ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধবিরোধী সশস্ত্র বাহিনীগুলোর কর্মী যোগাড়ের মূল উৎস ছিল বলে আবারো যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বলেছেন অধ্যাপক মুনতাসির মামুন।
মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসাবে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার সময় এ কথা বলেন তিনি।
জেরায় আসামি পক্ষের জ্যেষ্ঠ কৌঁসুলি মিজানুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় গোলাম আযমের ভূমিকার ‘পুরোটিই রাজনৈতিক’ হিসেবে উল্লেখ করলে মুসতাসির মামুন বলেন, “লুট, অগ্নিসংযোগ, রাহাজানি, ধর্ষণ ও গণহত্যা যদি ‘রাজনৈতিক ভূমিকা’র অংশ হয় তাহলে আমি বলব আপনার বক্তব্য ঠিক।”
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়ার সাত ধরনের অভিযোগে ট্রাইব্যুনাল গত ১৩ মে ‘জামায়াতের গুরু’ হিসাবে পরিচিতি গোলাম আযমের বিচার শুরুর আদেশ দেয়।
মুক্তিযুদ্ধের পক্ষের প্রচেষ্টা বানচাল ও মুক্তিবাহিনীকে নির্মূল করার লক্ষ্যে সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠার পেছনে এবং দেশজুড়ের বর্বরতার জন্য তৎকালীন জামায়াতের প্রধান হিসেবে গোলাম আযম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/২২৫১ ঘ.
bdnews24