২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘২০২১ নাগাদ নারী প্রতিনিধিত্ব পুরুষের সমান’

২০২১ সাল নাগাদ প্রশাসন, চাকরিসহ সব ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্বের হার পুরুষের সমান দাঁড়াবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 04:03 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

নিউইয়র্ক, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০২১ সাল নাগাদ প্রশাসন, চাকরিসহ সব ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্বের হার পুরুষের সমান দাঁড়াবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, “আমি সংসদে ও নেতৃত্বের সব পর্যায়ে প্রতিনিধিত্ব ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ব্যাপারে অঙ্গীকার করছি।” এই সময়ের মধ্যে বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেক হবে নারী এবং তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও গৃহে নির্যাতন থেকে রক্ষার জন্য কার্যকর ব্যবস্থা নেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নিউইয়র্কের ইন্টারকন্টিনেন্টাল বার্কলে হোটেলে সোমবার ‘সমঅংশীদারিত্বের ভবিষ্যৎ’ শীর্ষক অনুষ্ঠানে দেয়া ভাষনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, “যদিও সা¤প্রতিক সময়ে বিশ্বব্যাপি নারীর ক্ষমতায়ন বাড়ছে, কিন্তু এখনো তা যথেষ্ট নয়।” বাংলাদেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার ব্যাপারে বর্তমান সরকারের প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “নারীরা বিশ্বের জনসংখ্যার অর্ধেক। তাদের সমঅংশীদারিত্ব বিশ্বে কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করতে পারে।” নারী উন্নয়ন নীতিমালায় উচ্চ শিক্ষার লক্ষ্যে মেয়েদের জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে শিক্ষা, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বই বিতরণের কথাও বলেন শেখ হাসিনা। তিনি জানান, ২০০৯ সালে তার সরকার দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সরকারের সর্বনিম্ন পর্যায়ে ১২ হাজার ৮৩৮ জন নারী নির্বাচিত হয়েছেন। বর্তমানে বাংলাদেশে বিচার বিভাগ, প্রশাসন, কূটনীতি, নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোতে নারীরা উচ্চ পদে আছেন উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, সরকারি চাকুরির ৩০ ভাগ নারীদের জন্য সংরক্ষিত। গ্রামীণ নারীদের জন্য শতকরা পাঁচ ভাগ সার্ভিস চার্জসহ সুদমুক্ত ঋণ দেয়ার কথা তুলে ধরে তিনি বলেন, এই নারীদের সংখ্যা প্রায় আড়াই কোটি। এর বাইরে বর্তমানে ৩০ লাখ নারী তৈরি পোশাক খাতে কর্মরত আছেন এবং অনেকে বিদেশে কাজ করছে ও বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। ২০০৯ সালে দায়িত্ব নেয়ার পর তার সরকার নারী ও শিশুদের সুরক্ষায় মানব পাচার বিরোধী আইন এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন প্রণয়ন করেছে বলেও অবহিত করেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৪৩ ঘ.