চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্র বাতিলের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি রেজাউল হকের অবকাশকালীন বেঞ্চ এই স্থগিতাদেশ দেয়।
একই সঙ্গে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) গঠন করা রিভিউ প্যানেল-৩ এর দেয়া আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চেয়েছে আদালত।
আলোচিত ওই দরপত্র প্রক্রিয়ায় অংশ নেয়া প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক লিমিটেডের করা আবেদনে উচ্চ আদালত এই আদেশ দিয়েছে।
এই প্রতিষ্ঠানকে কাজ দেয়ার ‘চক্রান্ত’ হচ্ছে অভিযোগ তুলে এই দরপত্রের বিরুদ্ধে আন্দোলন করছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
তবে নৌমন্ত্রী শাজাহান খানসহ চট্টগ্রামের অধিকাংশ আওয়ামী লীগ সংসদ সদস্য মহিউদ্দিনের আন্দোলনের বিরোধিতা করে আসছেন।
আদালতের রুলের জবাব দিতে নৌমন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমই বিভাগের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের রিভিউ প্যানেল-৩, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের মহাপরিচালক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এনসিটি প্রজেক্টের ডিরেক্টর (অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট) এবং ইন্টারন্যাশনাল কন্টেইনার সার্ভিসেসকে চার সপ্তাহ সময় দেয়া হয়েছে।
সাইফ পাওয়ার টেকের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রফিক উল হক। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল্লাহ।
সাইফুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিপিটিইউ এর গঠন করা রিভিউ প্যানেল-৩ এর দেয়া আদেশ চ্যালেঞ্জ করে সাইফ পাওয়ার টেক সোমবার রিট আবেদন করে।
গত ১১ ও ১৭ সেপ্টেম্বর রিভিউ প্যানেল-৩ পৃথক দুটি আদেশে এনসিটির বেসরকারি অপারেটর নিয়োগে গৃহীত দরপত্র বাতিলের নির্দেশ দেয়। একইসঙ্গে দ্বিতীয়দফা দরপত্রে বাছাই করা ঠিকাদারদের তালিকাও বাতিলের নির্দেশ দেয়।
প্রাকযোগ্যতা দলিল-২০০৮ এর অধীনে প্রাকযোগ্য চারটি প্রতিষ্ঠানকে বহাল রেখে পুনরায় দরপত্র প্রক্রিয়া শুরুর নির্দেশও দেয় রিভিউ প্যানেল।
নিয়ম বহির্ভূতভাবে দরপত্র সংশোধনের অভিযোগ এনে দুটি আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর গত মাসে সিপিটিইউ এর কাছে অভিযোগ করলে রিভিউ প্যানেলের এই আদেশ আসে।
গত ১৪ অগাস্ট ফিলিপিন্সের টার্মিনাল অপারেটর ‘ইন্টারন্যাশনাল কন্টেইনার টার্মিনাল সার্ভিসেস (আইসিটিএস)’ এবং গত ৩০ আগস্ট যুক্তরাজ্যভিত্তিক ‘দ্য পেনিনসুলার অ্যান্ড ওরিয়েন্ট স্টিম নেভিগেশন কোম্পানি’ (পিঅ্যান্ডও) এই অভিযোগ করে।
বন্দরের এনসিটির দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এ প্রকল্পের ২১ ধরনের নথি ইতোমধ্যে তলব করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএন/এমআই/২১০০ ঘ.
bdnews24