গাজীপুর, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাপাসিয়ায় উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন আহমদ খানের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে পাঁচ সদস্যের পুলিশের এ দলটি নিয়ে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
সোমবার এই প্রার্থী সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পুলিশ চেয়ে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেন। মঙ্গলবার সকালে পুলিশ মোতায়েন করা করা হয়।
নির্বাচনী প্রচারণা শুরুর পর আফসার আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমির সমর্থকদের বিরুদ্ধে কয়েক দফা হামলার অভিযোগ করেন।
রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ বলেন, প্রতিপক্ষের সন্ত্রাসীর হামলা, মারধর ও হুমকি-ধামকির বিষয় উল্লেখ করে আফসার উদ্দিন প্রচারণার চালানোর সময় নিজের ও কর্মীদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পুলিশ চেয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তার সার্বক্ষণিক নিরাপত্তায় চাহিদানুযায়ী প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের জন্য গাজীপুরের পুলিশ সুপার এবং কাপাসিয়া থানার ওসিকে চিঠি দেওয়া হয়।
অন্য কোনো প্রার্থী নিরাপত্তার জন্য পুলিশ চাইলে তাদেরও দেয়া হবে বলে তিনি জানান।
আফসার উদ্দিন আহমদ খান বলেন, বিকাল ৩টার দিকে টোক এলাকায় গণসংযোগকালে তার নিরাপত্তায় পুলিশ যোগ দেয়।
তিনি অভিযোগ করেন, মঙ্গলবার নির্বাচনী এলাকায় খুনের মামলার ফেরারি আসামিদের ঘুরতে দেখেছেন তিনি। দুপুরে তার গণসংযোগে আসার পথে হাইলজোর এলাকায় তার কর্মী ও রায়েদ ইউপি’র সদস্য মো. সায়েমকে বাধা দিয়েছে সরকার দলীয় প্রার্থীর কর্মী ইব্রাহিম ও মো. আলামিনসহ কয়েকজন।
পুলিশের সামনে ওই আসামিরা ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করছে না বলে তিনি অভিযোগ করেন।
কাপাসিয়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, পুলিশ সুপারের অনুমতি পাওয়ার পর বিকাল থেকে পুলিশের একটি দল মোতায়েন করা হয়। প্রয়োজনে বুধবার থেকে পুলিশের সংখ্যা আরো বাড়ানো হবে।
তবে আসামিদের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর কথা অস্বীকার করে তিনি বলেন, তাদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪০ ঘ.
bdnews24