২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ ধরা ও বিক্রি: ৪ জেলায় জেল-জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করায় বরিশাল, কক্সবাজার, মাদারীপুর ও মৌলভীবাজারে পাঁচ জেলেকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 11:27 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) নিষেধাজ্ঞা অমান্য করায় বরিশাল, কক্সবাজার, মাদারীপুর ও মৌলভীবাজারে পাঁচ জেলেকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অনেক ইলিশ মাছ ও জাটকা জব্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- বরিশাল: মেঘনা থেকে ইলিশ মাছ শিকার, বিক্রির অভিযোগে আটক পাঁচ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এ সাজা দেন। হিজলা থানার ওসি শওকত আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউএনও’র ভ্রাম্যমাণ আদালত ভোর রাত থেকে হিজলার বিভিন্ন নদীতে অভিযান চালায়। ইলিশ মাছ ধরার সময় চার জেলেকে আটক করে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ইলিশ মাছ বিক্রির সময় এক জেলেকে দুই হাজার টাকা জরিমানা ও সাতদিনের কারদণ্ড দেয়া হয়। কক্সবাজার: ইলিশ মাছ আহরণ ও বিক্রির অভিযোগে মঙ্গলবার সকাল থেকে কক্সবাজারের বিভিন্ন সমুদ্র পয়েন্ট ও হাটবাজার থেকে তিন শতাধিক ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাঈন উদ্দিন আহমদের নেতৃত্বে শহরের বাহারছড়া বাজার, কানাইয়া বাজার ও নুনিয়ারছড়া ফিশারী ঘাট এলাকায় এসব অভিযান চালানো হয়। মাদারীপুর: শিবচর উপজেলার উৎরাই হাট থেকে ১০ মণ ইলশ মাছ জব্দ এবং তিন মাছ বিক্রেতা থেকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈনউদ্দিন আহমেদ এ আদালত পরিচালনা করেন। মৌলভীবাজার: কুলাউড়া রেল স্টেশনে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন থেকে এক হাজার ৪০০ কেজি ইলিশ মাছ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সহিদ আলী (৩০) নামে এক মাছ ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার কুলাউড়ার ইউএনও মো. হাফিজুর রহমান চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আশ্বিনী পূর্ণিমার আগে ও পরে মোট ১১ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রয় রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও ঘোষণা দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৭১০ ঘ.