২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে তরুণীর গলা কাটা লাশ উদ্ধার

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদে একটি বাসা থেকে এক তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 08:23 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদে একটি বাসা থেকে এক তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম লিজা আক্তার (১৯)। সোমবার রাত সাড়ে ১২টার দিকে ফায়দাবাদের খন্দকার স্কুলের পিছনের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটের তালা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। উত্তরা বিভাগের পুলিশের উপ-কমিশনার নিশারুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লিজাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর তোষক দিয়ে পেঁচিয়ে মেঝেতে ফেলে রাখা হয়েছিল। লাশে ইতোমধ্যে পচন ধরেছে। এই পুলিশ কর্মকর্তা জানান, প্রায় দুই মাস আগে ইমন নামের এক যুবক ও লিজা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই বাসা ভাড়া নেয়। এরপর তারা একবার কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন বাড়ির বাড়িওয়ালা ইসমাইল হোসেন। ইসমাইল জানান, ইমন সোমবার তাকে ফোন করে বলেন, তৃতীয় তলার ফ্ল্যাটে ‘সমস্যা হয়েছে’; তিনি যেন খোঁজ নিয়ে দেখেন। “আমি তখন বলি, আপনিতো ইমন। এ কথা বলার সঙ্গে সঙ্গে সে ফোন কেটে দেয়”, বলেন ইসমাইল। বাড়ির মালিকের ধারণা, তার মোবাইল ফোনে নম্বর সংরক্ষিত থাকার বিষয়টি হয়তো ইমনের জানা ছিল না। এরপর ইসমাইল বিষয়টি থানায় জানালে রাত সাড়ে ১২টার দিকে ওই ফ্ল্যাটের দরজা ভেঙে লিজার লাশ উদ্ধার করে পুলিশ। উপ-কমিশনার নিশারুল আরিফ বলেন, “লিজাকে হত্যা করা হয়েছে দুই-একদিন আগে। ইমনই তাকে খুন করেছে বলে আমাদের ধারণা।” ময়নতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এফএস/জেকে/১৪১৫ ঘ.