ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলা ও ভাংচুরের মামলায় জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার আসামিরা ঢাকার মহানগর হাকিম আনোয়ার সাদাতের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে তিনি তা নাকচ করে এই আদেশ দেন।
পুলিশের ওপর হামলা ও মালিবাগ চৌধুরী পাড়ায় ভাংচুরের অভিযোগে ২৯ অগাস্ট জামায়াত-শিবিরের আট নেতা-কর্মীকে আটক করে রামপুরা থানা পুলিশ।
ওই দিন পুলিশ বাদি হয়ে ৪৯ জনের নাম উল্লেখ করে দুইশ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা করে।
এজহারে উল্লিখিত ৪৯ আসামির মধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক আছেন। এর মধ্যে ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুলও রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২৩৩৩ ঘ.
bdnews24