ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়ায় আনা একটি উড়োজাহাজ হঠাৎ চলে যাওয়ায় বিপর্যন্ত অবস্থা সামাল দিতে বহরে নতুন উড়োজাহাজ যোগ করছে বিমান।
তিন মাসের জন্য ভাড়ায় আনা উড়োজাহাজটি এরই মধ্যে ঢাকার পথে রওনা হয়েছে বলে জানিয়েছেন বিমানের পরিচালক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন।
মিলান থেকে রওনা হওয়া এই বোয়িং ৭৬৭ উড়োজাহাজটি ইতালির বিমান সংস্থা ব্লু প্যানোরমার।
খান মোশাররফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩০০ আসনের এ উড়োজাহাজটির আগামীকাল সকালে ঢাকায় পৌঁছানোর কথা।”
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পর্তুগালের বিমান সংস্থা এয়ার আটলান্টা থেকে ভাড়ায় আনা একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ গত ১২ সেপ্টেম্বর চলে যাওয়ার পর বিমানের নিয়মিত ফ্লাইটসূচিতে বিপর্যয় সৃষ্টি হয়।
এরপর বাতিল করা হয় বিভিন্ন আন্তর্জাতিক রুটের কয়েক ডজন ফ্লাইট। ২৯ নভেম্বর পর্যন্ত বিমানের অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বন্ধের ঘোষণাও আসে।
ইতালি থেকে উড়োজাহাজটি এলে বিমানের ফ্লাইটসূচির অবস্থা স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন বিমান কর্মকর্তা খান মোশাররফ।
এদিকে সোমবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার নতুন করে বহরে যোগ দিয়েছে একটি ডিসি-১০। এছাড়া সিঙ্গাপুরে দীর্ঘ সময় আটকে থাকা একটি এয়ারবাস ৩০ সেপ্টেম্বর ঢাকা আসছে।
বিমান বহরে প্রায় একই সঙ্গে তিনটি বড় আকারের উড়োজাহাজ সংযোজিত হওয়ায় ফ্লাইটসূচি আগের অবস্থায় ফিরে যাবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৯৫০ ঘ.
bdnews24