মিন্টু চৌধুরী
জ্যেষ্ঠ প্রতিবেদক
চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) প্রকল্পের অপারেটর নিয়োগে দরপত্রে অনিয়মের অভিযোগ তদন্তে নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন।
দুর্নীতি দমন কমিশন এর উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মো. আনোয়ারুল হক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) কাছে এসব নথি চেয়ে চিঠি পাঠিয়েছেন।
আগামী বুধবারের মধ্যে নথি পাঠানোর অনুরোধ জানিয়ে চবক চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠি রোববার পৌঁছেছে।
এনসিটি প্রকল্পের পরিচালক ও চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদক থেকে এনসিটির দরপত্র প্রক্রিয়ার বিভিন্ন নথির অনুলিপি চেয়ে চিঠি দিয়েছে। সে অনুযায়ী আমরা তালিকা তৈরি করছি।”
বুধবারের মধ্যে নথি পাঠানো হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজনে তারা দুদকের কাছে সময় চাইবেন।
চট্টগ্রাম বন্দরের এনসিটি প্রকল্পের প্রাক-যোগ্যতা দরপত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের জন্য এসব নথিপত্র পর্যালোচনার জন্য তা চাওয়া হয়েছে বলে চিঠিতে বলা হয়।
গত ১১ ও ১৭ সেপ্টেম্বর পৃথক দুটি আদেশে বন্দরের এনসিটি’র বেসরকারি অপারেটর নিয়োগে গৃহীত দরপত্র বাতিলের আদেশ দেয় সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) গঠন করা রিভিউ প্যানেল-৩।
রিভিউ প্যানেলের দেয়া আদেশে দ্বিতীয়দফা দরপত্রে বাছাই করা ঠিকাদারদের তালিকা বাতিল এবং প্রাকযোগ্যতা দলিল-২০০৮ এর অধীনে প্রাকযোগ্য চারটি প্রতিষ্ঠানকে বহাল রেখে পুনরায় দরপত্র প্রক্রিয়া শুরুর নির্দেশও দেয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে করণীয় বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মতামত জানার অপেক্ষায় রয়েছে চবক কর্তৃপক্ষ।
নিয়মবহির্ভূতভাবে দরপত্র সংশোধনের অভিযোগ এনে দুটি আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর গত মাসে সিপিটিইউ এর কাছে অভিযোগ দাখিল করে।
গত ১৪ আগস্ট ফিলিপিন্সের টার্মিনাল অপারেটর ‘ইন্টারন্যাশনাল কন্টেইনার টার্মিনাল সার্ভিসেস (আইসিটিএস)’ এবং গত ৩০ আগস্ট যুক্তরাজ্যভিত্তিক ‘দ্য পেনিনসুলার অ্যান্ড ওরিয়েন্ট স্টিম নেভিগেশন কোম্পানি’ (পিঅ্যান্ডও) এই অভিযোগ করে।
২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে এনসিটিতে অপারেটর নিয়োগে প্রথম দফায় চারটি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়। এরপর সে বছর জুলাই মাসে মূল দরপত্র বিতরণ করা হয়।
কিন্তু দেশীয় প্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগের কথা বলে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে এই দরপত্র প্রক্রিয়া স্থগিত করে নৌ-পরিবহন মন্ত্রণালয়।
দরপত্র প্রক্রিয়া স্থগিত করার পর দফায় দফায় দরপত্রের শর্ত সংশোধন করা হয় বলে অভিযোগ রয়েছে।
এরপর সাইফ পাওয়ার টেক লিমিটেডসহ দুটি প্রতিষ্ঠানকে দরপত্রে অংশ নেয়ার জন্য বাছাই করা হয়। নৌ-মন্ত্রণালয়ের নির্দেশনায় বন্দর কর্তৃপক্ষ এসব শর্ত সংশোধন ও বাতিল করে।
শর্ত সংশোধনের পর এ বছরের ৩০ অগাস্ট এনসিটি’র জন্য ডাকা দরপত্রে ছয়টির মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয়।
এনসিটি’র দরপত্র প্রক্রিয়ার ১২টি শর্ত বদলানোর অভিযোগ এনে চট্টগ্রাম বন্দর রক্ষায় আন্দোলনের বিভিন্ন কর্মসূচি পালন করেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি এনসিটি’র অপারেটর নিয়োগে দুর্নীতির অভিযোগ শুরু থেকে তুলে আসছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯২২ ঘ.
bdnews24