নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগে সোমবার নারায়ণগঞ্জে দুটি হাসপাতাল বন্ধ করে দিয়েছেন সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী।
রূপগঞ্জের এ দুই হাসপাতাল হল ভুলতা ইসলামী হাসপাতাল ও বরপা খাজাবাবা ফরিদপুরী হাসপাতাল।
এছাড়া তিনি উপজেলার মুড়াপাড়া, কাঞ্চন, গোলাকান্দাইল, ভুলতা, বরপা এলাকার আরও কয়েকটি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন করেন।
দুলাল চন্দ্র চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনুমোদন না থাকায় ভুলতার ১০ শয্যাবিশিষ্ট ইসলামী হাসপাতাল ও বরপা খাজাবাবা ফরিদপুরী হাসপাতাল দুইটি বন্ধ করে দেয়া হয়েছে।
ভুলতা ইসলামী হাসপাতালটি লাইসেন্সের জন্য আবেদন করলেও কর্তব্যরত চিকিৎসকের বিএমডিসির লাইসেন্সও ছিল না বলে তিনি জানান।
“আর বরপা খাজাবাবা ফরিদপুরী হাসপাতালটি অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে,” বলেন তিনি।
তিনি আরো বলেন, হাসপাতাল দু’টির কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে লাইসেন্সের জন্য আবেদন করতে বলা হয়েছে। তা না হলে অবৈধভাবে হাসপাতাল পরিচালনার অভিযোগে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া রূপসী মেডি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারটি অবিলম্বে বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮৩৪ ঘ.
bdnews24