২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বন্যায় ১৫ গ্রাম প্লাবিত

প্রবল বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 11:34 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলার মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান তালুকদার জাহাঙ্গীর আলম বলেন, যমুনা নদীর পানি বাড়লেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরের দিকে অবস্থিত গ্রামগুলো তলিয়ে যায়। হত কয়েকদিনের বর্ষণে নতুন মাইজবাড়ি, সুতানাড়া, মল্লিকপাড়া, বদুয়ারপাড়া, শ্রীপুর, হাটগাছা, বিলচিতল, ঢেকুরিয়া, ভাঙ্গারছ্যাও, দাতবোরা, খিরাইকান্দি, ফুলজোড়, পলাশপুরসহ অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়ে কয়েকশ’ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি পরিবারগুলো ইতোমধ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিতে শুরু করেছে। বন্যার কারণে উপজেলার ঢেকুরিয়া হাটের দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান, একটি স্কুল ও একটি উপ-স্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এর আগে জুন মাস থেকে নদীর পানি বাড়তে শুরু করলে এই গ্রামগুলো দুইদফা বন্যার কবলে পড়ে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, যমুনার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পানি বৃদ্ধি আরও দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশংকাও করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৭২৫ ঘ.