২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সন্ত্রাসী বাহিনী প্রধান গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ‘বন্দুকযুদ্ধের’ পর ‘ঘেনাবাহিনী’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান ঘেনা মোল্লাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 06:49 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ‘বন্দুকযুদ্ধের’ পর ‘ঘেনাবাহিনী’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান ঘেনা মোল্লাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, রোরবার রাত ৮টার দিকে উপজেলার গোপালপুরে বন্দুকযুদ্ধ হয়। ঘেনার কাছ থেকে একটি একনলা বন্দুক, ১টি বিদেশি শাটারগান, ৩ রাউন্ড গুলি ও ১টি তলোয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। ঘেনা উপজেলার গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে। তিনি চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা বলে র‌্যাব জানিয়েছে। ঝিনাইদহ র‌্যাবের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. হামিদুল হক সাংবাদিকদের জানান, বাহিনী নিয়ে ঘেনার গোপালপুর গ্রামে অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। “ঘেনা বাহিনীর লোকজন র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। আধঘণ্টা ধরে চলে এ বন্দুকযুদ্ধ।” অন্ধকারে অন্যরা পালিয়ে গেলেও ঘেনা মোল্লা ধরা পড়েন বলে জানান র‌্যাব কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০৩৭ ঘ.