ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় ছয় জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
সোমবার অভিযোগপত্র ও মামলার নথি বিচারের জন্য ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমানের কাছে পাঠানো হবে।
ওই আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ফরিদ মিয়া রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
অভিযুক্তরা হলো- জাহিদুল ইসলাম সৌরভ (১৯), মো. ইমরান মোল্লা (১৯), মো. ইয়াকুব সরদার (১৯), মীর হোসেন (২৪), ইলিয়াস মাস্টার সুমন (২৬) ও মো. সাদ্দাম হোসেন (১৯)।
মামলার নথি থেকে জানা যায়, আসামিদের মধ্যে সবাই জামিনে রয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, গত ২৮ মে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নতুন কার্যালয়ে যাওয়ার প্রস্তুতি হিসেবে অফিস সহকারী রুহুল আমিন নিচে অবস্থানকালে রাত ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে এক সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এ সময় এগিয়ে গেলে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত সহ-সম্পাদক নেওয়াজ মোহাম্মদ রিফাত, প্রতিবেদক সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতম ও অফিস সহকারী রুহুল আমিনকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মানবসম্পদ বিভাগের প্রধান মো. শহীদুল ইসলাম বাদী হয়ে ২৯ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্রে ২০ জনকে সাক্ষী করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/এএল/২১৫৭ ঘ.
bdnews24