২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংগ্রামকে সংশোধনী ছাপার নির্দেশ ট্রাইব্যুনালের

দৈনিক সংগ্রামে প্রকাশিত একটি সংবাদের বিষয়ে ভুল স্বীকার করে সোমবারের মধ্যে সংশোধনী ছাপাতে পত্রিকাটিকে নির্দেশ দিয়েছে প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 03:38 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক সংগ্রামে প্রকাশিত একটি সংবাদের বিষয়ে ভুল স্বীকার করে সোমবারের মধ্যে সংশোধনী ছাপাতে পত্রিকাটিকে নির্দেশ দিয়েছে প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। রোববার আদেশে জামায়াতে ইসলামীর ওই প্রতিবেদনের বিষয়ে ট্রাইব্যুনাল বলে, প্রতিবেদনের শিরোনামে সাক্ষী সম্পর্কে একটি ধারণা প্রকাশ করা হয়েছে, যা সাক্ষী অস্বীকার করেছেন। তাছাড়া সংবাদের শিরোনামে কোনো ধারণা থাকা উচিত নয় বলেও মন্তব্য করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের নির্দেশে এদিন সংগ্রামের সংশ্লিষ্ট দুই প্রতিবেদক হাজির হয়েছিলেন। তাদের উপস্থিতিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক বিষয়টি ব্যাখা করে বলেন, একটি ফৌজদারি বিচারে কৌঁসুলিরা সাক্ষীর বিষয়ে বিভিন্ন ধারণা প্রকাশ করতে পারে। তবে তা অবশ্যই মর্যাদাহানিকর হবে না। একইভাবে সাক্ষী তা অস্বীকারও করতে পারেন। তার মানে এই নয় যে কৌঁসুলির কথা সত্যি। “কিন্তু যদি সংবাদের শিরানোমে ধারণা দেওয়া হয় যে সাক্ষী অপরাধী, সেক্ষেত্রে তা ঠিক নয়।” পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান সংগ্রামের দুই প্রতিবেদককে ডেকে জানতে চান তার প্রতিবেদনটি যথার্থ হয়েছিল কি না। জবাবে প্রতিবেদক স্বীকার করেন- তা যথাযথ হয়নি এবং সংশোধনী দেয়া হবে। সোমবারের মধ্যে সংশোধনী ছাপা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেন বিচারপতি নিজামুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এএল/২১৩০ ঘ.