ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় একটি বহুতল ভবনে রোববার সন্ধ্যায় আগুন লাগে, তবে তা নেভানো হয়েছে।
সন্ধ্যা ৭টার দিকে তিন নম্বর সেক্টরে রাজলক্ষ্মী কমপ্লেক্সের পেছনে আলাউদ্দিন টাওয়ারের নিচ তলায় আগুনের সূত্রপাত হয় বলে অগ্নি নির্বাপক বাহিনী জানিয়েছে।
আগুনে পাঁচটি গাড়ি এবং জেনারেটর ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের উত্তরা অঞ্চলের উপ-কমিশনার নিসারুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৬ তলা ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত ঘটে।
ধোঁয়া ওপরে উঠে যাওয়ায় ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নি নির্বাপন বাহিনীর সদস্যরা তাদের মই দিয়ে নিচে নামিয়ে আনেন।
ভবনের ভেতরে আটকে পড়া মো. মাসুদ রানা বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, “ভবনের নিচের মার্কেট থেকেই আগুনের সূত্রপাত। পাঁচ তলা থেকে ধোঁয়ার অস্তিত্ব টের পেলে ছাদের দিকে উঠতে থাকি। ছাদের গেট খোলা থাকায় ছাদেই আশ্রয় নিই।”
উত্তরা (পশ্চিম) থানার ওসি রেজাউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৬ তলা এই ভবনের বেজম্যান্টে রাখা জেনারেটরে শর্টসার্কিট থেকে আগুন লাগে। সেই আগুন পার্কিংয়ে থাকা পাঁচটি গাড়িতে লাগে।
“এরই মধ্যে আগুনের ধোঁয়া লিফটের ফাঁক দিয়ে উপরে উঠলে চারদিক হৈ চৈ পড়ে যায়,” বলেন তিনি।
বহুতল ভবনটির ছয় তলা পর্যন্ত বিপণী বিতান এবং ওপরে ফ্ল্যাটবাড়ি।
ওসি রেজাউল বলেন, “আগুনের ধোঁয়া ভবনের প্রায় প্রত্যেক ফ্লোরে ছড়িয়ে পড়লে আগুন আতঙ্কে সবাই হুড়োহুড়ি করে বেরিয়ে পড়ে। এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় কেউ কেউ নামতে গিয়ে আহত হন। তবে অনেকেই নামেননি।”
ওসি জানান, ওপর তলা থেকে বাসিন্দাদের নামাতে পুলিশ ও র্যাব সদস্যরা সহায়তা করে।
এই ঘটনায় ১০ থেকে ১৫জন আহত হলেও তা গুরুতর নন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২৩৫৫ ঘ.
bdnews24