২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় অপহরণকারীদের গুলিতে নিহত ১

কুমিল্লার বুড়িচং উপজেলায় অপহরণকারীদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার বুড়িচং উপজেলায় অপহরণকারীদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার পূর্বহুড়া গ্রামের বাজারে এ ঘটনায় আহত আরো দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আল-আমিন (৩২) উপজেলার কোসাইয়াম গ্রামের বাসিন্দা। বুড়িচং থানার ওসি খন্দকার গোলাম শাহনেয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বুধবার সদর দক্ষিণ উপজেলার দৌলতপুর গ্রামের তুহিন নামের এক যুবককে অর্থ লেনদেনের ঘটনায় তাজুল ইসলামসহ কয়েকজন অপহরণ করে। তাজুল বুড়িচং উপজেলার রামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। দুপুর আড়াইটায় দিকে তুহিনকে নিয়ে পূর্বহুড়া বাজারে আসে অপহরণকারীরা। এ সময় তুহিন চিৎকার করে উঠলে অপহরণকারীরা তাকে গুলি করে বলে জানান ওসি । “এ সময় জনতা অপহরণকারীদেরকে ঘেরাও করলে তারা এলোপাথারি গুলি ছুড়তে থাকে। এতে কোসাইয়াম গ্রামের আল-আমীন ও শিমুল নামের দুই ব্যবসায়ী আহত হন।” “এ সময় জনতা তাজুলকে ধরে ফেলে এবং তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।” আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আল-আমীন মারা যান। গুলিবিদ্ধ তুহিন ও শিমুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে বুড়িচং থানায় তাজুলের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএইচপি/২০০৮ ঘ.