বগুড়া, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার ধুনটে রুদ্রবাড়ীয়া কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় ওষুধ না পেয়ে বিক্ষোভ করেছে রোগীরা।
রোবাবার সকালে ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রপাইটার (সিএইচসিপি) শাহনাজ পারভিনের অপসারণ চেয়ে ক্লিনিকের সামনের মাঠে বিক্ষোভ মিছিল করে রোগীরা।
সকালে চৌকিবাড়ী ইউনিয়নের রুদ্রবাড়ীয়া গ্রামের বেশ ক’জন রোগী ওই কমিউনিটি ক্লিনিকে ওষুধের জন্য যায়। কিন্তু শাহনাজ ওষুধ না দিয়ে তাদের সঙ্গে অশোভন আচরণ করে এ অভিযোগ এনে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করে রোগীরা।
ওই ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি আয়নুল হক বলেন, “শাহনাজ ঠিকমত দায়িত্ব পালন করেন না। তার বিরুদ্ধে রোগীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ সব সময় আসে।”
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হোসনে ফিরোজা জানান, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা যায় ক্লিনিকে ওষুধ থাকার পরও অনেক রোগীকে তা দেওয়া হয় নাই এবং রোগীদের সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে।
“ক্লিনিকের পরিবার কল্যাণ সহকারী আনিছা বেগম এবং স্বাস্থ্য সহকারী মাসুমা বেগমের সঙ্গে সিএইচসিপি শাহনাজের বনিবনা না হওয়ায় এসব সমস্যা সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
রুদ্রবাড়ীয়া গ্রামের রোগী হজেরা খাতুন বলেন, “স্যালাইনের জন্য তিন দিন ক্লিনিকে গেলেও আপা স্যালাইন না দিয়ে আমাকে তাড়িয়ে দেন।”
নূরজাহান বেগম বলেন, “আমার স্বামীর জন্য হাতে ফোসা পড়ার মলম নেওয়ার জন্য গিয়েছিলাম। কিন্তু আপা আমাকে কোন মলম দেয় নাই। উল্টো আমার ওপর ক্ষেপে ওঠে।”
চম্পা খাতুন ও শাকিতন বেওয়া জানান, শাহনাজ সপ্তাহে ছয় দিনের বদলে ৩/৪ দিন অফিস করেন এবং দুপুর ১২টার মধ্যেই অফিস থেকে চলে যান।
তবে রোগীদের বিক্ষোভ প্রসঙ্গে অভিযুক্ত শাহনাজ বলেন, “ক্লিনিকের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে বিক্ষোভ করা হয়েছে।”
তার দাবি ওষুধ থাকলে রোগীদের দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৯২০ ঘ.
bdnews24