২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইসলামী সংগঠনগুলোকে উস্কে দিচ্ছে বিরোধী দল’

যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে প্রধান বিরোধী দল ইসলামী সংগঠনগুলোকে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 09:58 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে প্রধান বিরোধী দল ইসলামী সংগঠনগুলোকে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু। রোববার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “দেশে যখন একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি চলছে, তখনই যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ইসলামী সংগঠনগুলোকে উস্কে দিচ্ছে বিরোধী দল।” জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার পুলিশের সঙ্গে ১২টি ইসলামী দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনাকে ‘পূর্ব পরিকল্পিত ও ইস্যু তৈরির চেষ্টা’ উল্লেখ করে টুকু বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া যতোই এগিয়ে যাচ্ছে, খালেদা জিয়া নেতৃত্বাধীন দলের উস্কানিতে ইসলামী সংগঠনগুলো ততোই প্রতিহিংসাপরায়ণ হচ্ছে। স্বরাষ্ট্র প্রতিমিন্ত্রী দাবি করেন, জাতীয় প্রেসক্লাবের সামনে ১২টি ইসলামী সংগঠনের ওই কর্মসূচিতে ছাত্রদল, যুবদল, জামায়াত ও শিবিরের কর্মী সংখ্যাই বেশি ছিল। তারাই আইন-শৃংখলা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। চলচ্চিত্রে ইসলামের অবমাননার প্রতিবাদে আগের কোনো মিছিল-সমাবেশে বাধা দেয়া হয়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই বিরোধী দলের ইঙ্গিতে অরাজকতা করা হচ্ছে। এ কারণেই বাধা দেয়া হয়েছে।” খালেদা জিয়ার বিরুদ্ধে ‘স্ববিরোধী’ আচরণের অভিযোগ এনে প্রতিমন্ত্রী বলেন, “তিনি (খালেদা) ইসলামী দলগুলোকে বলেছেন হরতাল করতে। কিন্তু তার সফরের এলাকা হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।” শনিবারের সংঘর্ষের পর ইসলামী দলগুলোর ডাকে রোববার সারা দেশে হরতাল চললেও খালেদা জিয়ার সফরের কারণে রংপুর, বগুড়া ও দিনাজপুর হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএএইচ/জেকে/১৫৫৫ ঘ.