২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের সুবহানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানকে ৩০ সেপ্টেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 07:48 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানকে ৩০ সেপ্টেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ রোববার এই আদেশ দেয়। সকালে আদালতের কার্যক্রম শুরুর পর প্রসিকিউশনের আইনজীবী সুলতান মাহমুদ আবদুস মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আবদুস সুবহানকে আটক করার আদেশ চান আদালতের কাছে। তিনি বলেন, গত এপ্রিল থেকে জামায়াত নেতা সুবহানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কিন্তু একজন প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তিনি নানাভাবে তদন্ত বাধাগ্রস্ত করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আটক রাখা প্রয়োজন। এরপর ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, পাবনার একটি মামলায় আবদুস সুবহানকে ইতোমধ্যে আটক করা হয়েছে। তাকে ৩০ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে হবে। গত বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে মাওলানা সুবহানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই রাতেই তাকে পাবনা কারাগারে নেয়া হয়। এই জামায়াত নেতাকে ২০০৩ সালের একটি লুটপাটের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৩৪২ ঘ.