ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচরে একটি বাসের সঙ্গে গরু বোঝাই একটি ট্রাকের সংর্ঘষে চারজন নিহত ও অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।
শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, শনিবার মধ্যরাতে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতপুরে হাজী শরিয়তউল্লাহ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, ঢাকা থেকে মাদারীপুরগামী সার্বিক পরিবহনের বাসটি রাত আনুমানিক ১২ টার পর দৌলতপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে এর সংঘর্ষ হয়।
এতে বাসের সামনের অংশ ও ডান পাশ দুমড়ে মুচড়ে যায়। ফলে ওই পাশে বসা অধিকাংশ যাত্রীই গুরুতর জখম হন।
এ দুর্ঘটনায় সাথী আক্তার (২০), রবিউল ইসলাম (২৬), আবু বক্কর (৩০) নামের ৩ জন ঘটনাস্থলেই নিহত হন।
আহত অবস্থায় ভাঙ্গা হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম নামের একজনের।
এছাড়া নিহত সাথীর স্বামী মিলনসহ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি আবদুর রাজ্জাক জানান।
বাকিদের ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে শিবচর থানা, পাচ্চর ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯১৫ ঘ.
bdnews24