২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে তিস্তার ব্যাপক ভাঙন

লালমনিরহাট সদরের খুনিয়াগাছ ইউনিয়নে কয়েকদিনে তিস্তার ভাঙনে বিদ্যালয়, মসজিদ ও বাজারসহ অন্তত পাঁচ শতাধিক বাড়িঘর বিলীন হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 03:33 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

লালমনিরহাট, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট সদরের খুনিয়াগাছ ইউনিয়নে কয়েকদিনে তিস্তার ভাঙনে বিদ্যালয়, মসজিদ ও বাজারসহ অন্তত পাঁচ শতাধিক বাড়িঘর বিলীন হয়ে গেছে। এরমধ্যে বাড়িঘর ছাড়া রয়েছে একটি উচ্চ বিদ্যালয়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মসজিদ ও একটি বাজার। শনিবার ওই এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি। ভাঙন কবলিত চোঙ্গাডারা গ্রামে রাস্তার দু-ধারে দেখা গেছে কয়েকশ’ আশ্রয়হীন নারী-পুরুষ। তাদের সবকিছুই তিস্তায় বিলীন হয়ে গেছে। এলাকার আব্বাস, রহমত, আফাজ উল্লাহ, হাসমত আলী, করিমন নেছা, বুলবুলি, আজিতন বেগমসহ অনেকেই বলেন, খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল ইসলাম মন্ডল তাদের খোঁজ খবর নেন না। অধিকাংশ সময় তার ফোন বন্ধ থাকে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি শনিবার সকালে ঘটনাস্থলে গিয়েছিলেন। দ্রুত সময়ের মধ্যে অন্যস্থানে স্কুল স্থাপনের চেষ্টা চলছে বলে জানান তিনি। চেয়ারম্যানদের মাধ্যমে ভাঙন কবলিত মানুষের তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলেই ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার বলেন, তিনি হঠাৎ অসুস্থ হওয়ায় ঘটনাস্থলে যেতে পারেননি। তবে দুর্গত এলাকায় দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা করবেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৩ ঘ.