গাজীপুর, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ করে পুলিশি নিরাপত্তা চেয়েছেন গাজীপুরের কাপাসিয়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন আহমদ খান।
শনিবার সকালে উপজেলা নির্বাচন কার্যালয়ে (সার্ভার স্টেশন) নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে প্রার্থীদের মতবিনিময় সভায় আফসার এসব কথা বলেন।
এছাড়া দুপুরে আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমির র্কর্মীরা তার এক কর্মীকে তুলে নিয়ে গেছে বলৌ তিনি অভিযোগ করেন।
আফসার উদ্দিন আহমদের অভিযোগ, প্রচারণা চালানোর সময় মাইক ছিনতাই, ভাঙচুর, নির্বাচনী কার্যালয় ভাঙচুরসহ প্রতিপক্ষের কর্মীদের বিভিন্ন হুমকির শিকার হয়েছেন তার কর্মীরা।
তিনি সংবাদিকদের বলেন, সিমিন হোসেন রিমির বিরুদ্ধে আচরণবিধি লংঘনসহ তার কর্মীদের ওপর হুমকি ও হামলা বিষয়ে উপ-নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে একাধিক লিখিত অভিযোগ দিয়েছেন।
তার এক কর্মীকে মোবাইল ফোনে হুমকি দেয়ার রেকর্ডের একটি সিডিও অভিযোগের সঙ্গে প্রমাণ হিসেবে জমা দিয়েছেন বলে জানান তিনি।
তার অভিযোগ এরপরও তিনি কোনো প্রতিকার পাননি।
রিটার্নিং অফিসারের কাছে এক লিখিত অভিযোগে তিনি বলেন, শনিবার দুপুরে স্থানীয় তরগাও এলাকায় গণসংযোগ চালানোর সময় রিমির কর্মীরা বাধা দেয়। এ সময় রিমির কর্মীরা তার কর্মীদের মারধর করে একজনকে তুলে নিয়ে গেছে।
আফসারের একান্ত সহকারী সারওয়ার-ই-কায়েনাত বিকাল সাড়ে ৪টায় বলেন, আফসারের নির্বাচনী কর্মী সৈয়দ ওবয়দুর রহমান মাহবুবকে (৩৫) রিমির কর্মীরা তুলে নিয়ে গেছে। মাহবুবব ঘঘটিয়া গ্রামের প্রয়াত আলাউদ্দিনের ছেলে। এখনো তার খোঁজ পাওয়া যায়নি।
সহকারী রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান বলেন, আফসারের এক কর্মীকে তুলে নিয়েছে বলে একটি অভিযোগ কাপাসিয়ার সহকারী রিটার্নিং অফিসার বরাবর দেয়া হয়েছে। তার খোঁজ নেয়া হচ্ছে।
কাপাসিয়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, আফসার উদ্দিনের পক্ষ থেকে একাধিক অভিযোগ পাওয়া গেছে। সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৬৩০ ঘ.
bdnews24