ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) আওতায় উপকূলীয় এলাকার দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবী এবং জেলেদের সক্ষমতা বাড়াতে ১৫ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করেছে জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ড।
সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বোর্ডের সভাপতি পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ এতে সভাপতিত্ব করেন।
সভায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের আওতায় প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে আরো চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রকল্পগুলো হলো- স্থানীয় সরকার বিভাগের ‘জলবায়ু পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট জনসাধারণের অভিযোজনের জন্য পতেঙ্গা সমুদ্র সৈকতে ভৌত অবকাঠামো সংস্কার ও নির্মাণ প্রকল্প’। এ প্রকল্প বাস্তবায়নে সাত কোটি নয় লাখ টাকা ব্যয় হবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাউফল পৌরসভা এলাকার জন্য জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়ন প্রকল্প । এতে চার কোটি ৯৯ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
চাঁদপুর পৌরসভা এলাকার নদী ভাঙ্গন এবং জলাবদ্ধতা নিরসনে প্রায় ১০ কোটি টাকা ব্যয়সাপেক্ষ একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় এ সভায়। স্থানীয় পৌর কর্তৃপক্ষ এ প্রকল্প বাস্তবায়ন করবে।
দুই কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে পাবনার সুজানগর পৌরসভার জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অবকাঠামো উন্নয়নেও একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, পরিবেশসচিব মেছবাহউল আলম এবং পিকেএসএফ চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান আহম্মেদ সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২৩১ ঘ.
bdnews24