নাটোর, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের লালপুর উপজেলায় ভ্যান-ভটভটি সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত হওয়ার জের ধরে বিক্ষুদ্ধ সহপাঠীরা স্থানীয়ভাবে হরতাল পালন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে লালপুর-ঈশ্বরদী সড়কের তিলকপুর এলাকায় এ সংঘর্ষে আরো দুইজন আহত হন।
নিহত কলেজ ছাত্রী সোনালী আক্তার লালপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি তিলকপুর গ্রামের মানজুল সরকারের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, সোনালী সকাল ৯টায় বাড়ি থেকে বেরিয়ে সহপাঠী রিয়ার সঙ্গে ভ্যানে করে কলেজে যাচ্ছিলেন। তিলকপুরে একটি ভটভটি ভ্যানটিকে চাপা দিলে সোনালী, রিয়া ও ভ্যানচালক মুনছার আলী গুরুতর আহত হন।
তাদেরকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সোনালীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
লালপুর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোনালীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীরা কলেজ থেকে মিছিল নিয়ে লালপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর চালায়।
পরে শিক্ষার্থীরা ভটভটি বন্ধ ও দায়ী চালকের শাস্তির দাবিতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিলে লালপুর থেকে রাজশাহী, ঈশ্বরদী, নাটোরসহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান ওসি।
লালপুর বাজার দোকান মালিক সমিতির সভাপতি আ স ম মাহমুদুল হক জানান, শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা পোষণ করে দোকান বন্ধ রেখেছে দোকানীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২০৪ ঘ.
bdnews24