২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কন্টেইনার জাহাজ বানাচ্ছে ওয়েস্টার্ন মেরিন

অভ্যন্তরীণ নৌ-পথে চলাচলের উপযোগী কন্টেইনার জাহাজ নির্মাণ করছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 03:08 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ নৌ-পথে চলাচলের উপযোগী কন্টেইনার জাহাজ নির্মাণ করছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। বৃহস্পতিবার চট্টগ্রামের পশ্চিম পটিয়ায় অবস্থিত ওয়েস্টার্ন মেরিনের নিজস্ব ইয়ার্ডে এ ধরনের একটি কন্টেইনার জাহাজের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। ১৩৪ টি কন্টেইনার (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের) ধারণ ক্ষমতার জাহাজটি নির্মাণ করা হচ্ছে মীর অ্যান্ড ইসলাম এন্টারপ্রাইজের জন্য। পাটাতন নির্মাণের মধ্য দিয়ে এ জাহাজের আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হয়। এই জাহাজ জার্মান ক্লাস জার্মানশিয়ার লয়েডের (জিএল) নীতিমালার আওতায় তৈরি হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত সভ্নড অলিং। এছাড়া ছিলেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন ও চেয়ারম্যান সাইফুল আলম। অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম বন্দর থেকে নারায়নগঞ্জের পানগাঁওয়ে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল এ কন্টেইনার আনা-নেওয়ার কাজে এ জাহাজ ব্যবহার করা হবে। ওয়েস্টার্ন মেরিনের দেয়া তথ্য মতে, গত বছর চট্টগ্রাম বন্দরে ১৫ লাখ (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যরে) কন্টেইনার নেমেছে। এটি বছরে ২০ শতাংশ হারে বাড়ছে। ভবিষ্যতে এই সংখ্যা ৩০ লাখে দাঁড়াতে পারে। স¤প্রতি সরকার ৩২ টি কন্টেইনার জাহাজের লাইসেন্স দিয়েছে। নির্মীয়মাণ জাহাজটি এর অন্যতম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১০৬ ঘ.