ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্কের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে হাওয়া ভবনকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “হলমার্কের এমডি তানভীর মাহমুদের সঙ্গে হাওয়া ভবনকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যে বক্তব্য দিয়েছেন তা সর্বৈব মিথ্যা ও জঘন্য অপপ্রচার।”
এ প্রসঙ্গে বিবৃতিতে দাবি করা হয়, হলমার্কের এমডি নিজেই স্বীকার করেছেন যে তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এবং সরকারের মন্ত্রী ও নেতাদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ আছে।
“সোনালী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরও হলমার্কের এমডি দাবড়িয়ে বেড়াচেছন। এখনো তার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা সরকার গ্রহণ করেনি। এ থেকেই ¯পষ্ট বোঝা যায় হলমার্কের এমডি (তানভীর) কোন ভবনের লোক।’’
এ ধরনের ‘অপপ্রচার’ থেকে প্রধানমন্ত্রীকে বিরত থাকারও আহবান জানান মির্জা ফখরুল।
বুধবার সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী হলমার্ক কেলেঙ্কারি প্রসঙ্গে বিরোধী দলের দিকে ইঙ্গিত করে বলেন, “সোনালী ব্যাংকের এমডি জিয়া পরিষদের নেতা ছিলেন। আর, যাকে নিয়ে এত কথা, তার উত্থান হাওয়া ভবন থেকে শুরু। তত্ত্বাবধায়কের সময়ে যখন সব ব্যবসায়ীরা পালিয়েছিল, তখন সে ফুলে ফেঁপে ওঠে।”
ভারপ্রাপ্ত মহাসচিব আরো অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর অন্ধ হিংসা ও জেদ শুধুমাত্র বিরোধী দলের প্রতি, দেশ ও গণতন্ত্রের শত্রুদের বিরুদ্ধে নয়। তাই তার হিংসার প্রকোপে গণতন্ত্র আজ ক্ষত-বিক্ষত, দেশের অখ-তা ও সার্বভৌমত্ব বিপন্ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৪২ ঘ.
bdnews24