২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে হাসপাতাল চিকিৎসকদের কর্মবিরতি

এক সহকর্মীকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে কর্মবিরতি অব্যাহত রেখেছেন গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালের চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 12:35 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

গোপালগঞ্জ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সহকর্মীকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে কর্মবিরতি অব্যাহত রেখেছেন গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চিকিৎসকরা বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। এতে হাসপাতালে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন। গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অসিত মল্লিক জানান, এ ঘটনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ জেলা শাখার কর্মকর্তা এবং হাসপাতালের চিকিৎসক-কর্মচারীরা বুধবার এক জরুরি বৈঠক করেন। বৈঠকে হুমকিদাতাদের গ্রেপ্তার না করা পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালনের সিদ্ধান্ত হয়। তিনি জানান, গত ১৮ অগাস্ট টিপু সিকদার নামে স্থানীয় এক ব্যক্তি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সুভাষ সরকার তাকে চিকিৎসা দেন। এ ঘটনায় চিকিৎসা সনদ চাইলে ওই চিকিৎসক তা দিয়ে দেন। “কিন্তু ৩২৬ ধারায় চিকিৎসা সনদ না দেয়ায় টিপু ক্ষুব্ধ হন। গত ১৭ সেপ্টেম্বর তিনি ২০ থেকে ২৫ জন সঙ্গী নিয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে ডা. সুভাষ সরকারকে অকথ্য ভাষায় গালি-গালাজ করেন। ৩২৬ ধারায় সনদ না দিলে ওই চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেন টিপু,” বলেন তিনি। এ ঘটনায় ওই দিনই সুভাষ সরকার গোপালগঞ্জ সদর থানায় একটি জিডি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৮২৬ ঘ.