২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনি কর্তাদের জামিন নিয়ে আবেদনে শুনানি ২৭ সেপ্টেম্বর

মুদ্রা পাচারের দুই মামলায় ডেসটিনি ২০০০ এর ২২ কর্মকর্তার জামিন আদেশ পুনর্বিবেচনার আবেদনের শুনতে ২৭ সেপ্টেম্বর দিন রেখেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 09:12 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের দুই মামলায় ডেসটিনি ২০০০ এর ২২ কর্মকর্তার জামিন আদেশ পুনর্বিবেচনার আবেদনের শুনতে ২৭ সেপ্টেম্বর দিন রেখেছে আদালত। আসামিপক্ষ বৃহস্পতিবার সময় চেয়ে আবেদন করায় ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক তা মঞ্জুর করে আগামী ২৭ সেপ্টেম্বর শুনানির জন্য এই দিন ধার্য করেন। সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্লান্টেশেন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ পাচারের ‘প্রমাণ’ পেয়ে দুদকের উপপরিচালক মো. মোজাহার আলি সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মুদ্রা পাচার প্রতিরোধ আইনে মামলা দুটি করেন। মুখ্য মহানগর হাকিম আদালত আসামিদের সবাইকে এ মামলায় জামিন দিলেও দুর্নীতি দমন কমিশন (দুদক) তা পুনর্বিবেচনার আবেদন করে। বৃহস্পতিবার ওই রিভিশন আবেদন শুনানির জন্য উঠলে সময় চেয়ে আবেদন করে আসামি পক্ষ। এদিন রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “দুষ্টের দমন আর শিষ্টের পালন করাই বিচার বিভাগের ব্রত হওয়া উচিৎ। সূর্যের আলোর মত সত্য ও স্পষ্ট যে ডেসটিনি লাখ লাখ মানুষের সঙ্গে প্রতারণা করেছে।” ডেসটিনি কর্মকর্তাদের দেয়া জামিনের আদেশ ‘ভয়ঙ্কর প্রশ্নবিদ্ধ’- এমন মন্তব্য করে মাহবুবে আলম বলেন, “সামাজিক মর্যাদা বিবেচনা করে জামিন দেয়ার কোনো এখতিয়ার নেই হাকিমের।” “জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাতকারীদের কিসের সামাজিক মর্যাদা? যারা জনগণের টাকা লুট করে, তাদের কোনো সামাজিক মর্যাদা থাকতে পারে না”, বলেন তিনি। পুরো দেশের মানুষ এ মামলার দিকে তাকিয়ে আছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন,“জনগণের টাকা চুরি করে অবৈধভাবে জামিন নিয়ে আসামিরা ঘুরে বেড়াচ্ছে। এমনকি তারা বিচার ব্যবস্থা নিয়ে নানান কথাও বলাবলি করছে।” জনগণের টাকা আত্মসাত করে ডেসটিনির পরিচালকরা নিজেদের ব্যাংক একাউন্টে তা স্থানান্তর করেছে বলেও উল্লেখ করেন মাহবুবে আলম। হাকিমের দেয়া জামিন আদেশের ব্যাপারে তিনি বলেন, এ ধরনের মামলার শুনানি গ্রহণ করার কোনো এখতিয়ার ওই মহানগর হাকিমের নেই। “অর্থ পাচার আইন ২০১২ অনুযায়ী এ মামলার শুনানির যোগ্যতা রাখেন কেবল বিশেষ জজ। কোনো হাকিমের এ মামলার শুনানি করার যোগ্যতাই নেই।’’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৫০৫ ঘ.