মাগুরা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোনে প্রতারণার মাধ্যমে ‘কয়েক কোটি’ হাতিয়ে নেওয়া তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে ফরিদপুরের ভাঙ্গা থানার ব্রাহ্মণপাড়া থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন সোহরাব মাতব্বরের ছেলে মোশারফ মাতব্বর (৩০) ও শাহীন মাতব্বর (২৫) ও পাগলা মন্ডলের ছেলে রাজু মন্ডল। এদের সবার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার ব্রাহ্মণপাড়া গ্রামে।
মাগুরা সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, গত জুলাই ও অগাস্টে মোবাইল ফোনে ফ্লাট জেতার কথা বলে প্রতারণার মাধ্যমে মাগুরার দুই চিকিৎসকের কাছ থেকে ২৮ লাখ ৮১ হাজার টাকা হাতিয়ে নেয় এই প্রতারক চক্র।
“পোস্ট অফিস ও বিকাশের মাধ্যমে তারা টাকাগুলো পাঠিয়েছিল।”
প্রতারিতরা এ বিষয়ে মাগুরা সদর থানায় মামলা করলে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাকৃতরা প্রতারণার মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে বলে জানান তিনি।
“তারা নিজেদের ওয়েলকাম পার্টির সদস্য পরিচয় দিয়ে চক্রের ৯ সদস্যের নাম জানিয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে।”
এদের আটকের সময় তাদের কাছ থেকে ২৪টি মোবাইল সিম, ৫টি মোবাইল সেট ও প্রতারণার ফাঁদে ফেলা বিভিন্ন জনের কাছ থেকে আদায়কৃত টাকার হিসাব লেখা ২টি নোট বুক উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৩০ ঘ.
bdnews24