কুড়িগ্রাম/লালমনিরহাট, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা সেতু উদ্বোধন করার আগের দিন সেতুটি পরিদর্শন করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে তিস্তা সেতু ও কুড়িগ্রাম-উলিপুর-চিলমারী সড়ক পরিদর্শন শেষে কুড়িগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এক মতবিনিময় সভায় কাদের বলেন, “এই সেতুর কাজ দীর্ঘদিন বন্ধ ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এ সেতুর কাজ জুনের মধ্যে শেষ করেছি।”
বৃহস্পতিবার লালমনিরহাট-কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে নবনির্মিত ৭৫০ মিটার দীর্ঘ তিস্তা সেতু উদ্বোধন শেষে দুপুরে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জহুরুল হক মামুন সাংবাদিকদের জানান, কালেক্টরেট মাঠের জনসভায় ব্যাপক লোকসমাগম ঘটানোর প্রস্তুতি নেয়া হয়েছে।
এ সময় গঙ্গাচড়া-বুড়িরহাট-মহিপুর-কৈলাশগঞ্জ-শংকরদহ-কাকিনা সড়কে তিস্তা নদীর ওপর ৮৫০ মিটার দীর্ঘ পিসি গার্ডার দ্বিতীয় তিস্তা সড়ক সেতু, লালমনিরহাট-কুলাঘাট-ফুলবাড়ি সড়কে দ্বিতীয় ধরলা সড়ক সেতুর ও লালমনিরহাট নার্সিং ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।
এছাড়া, লালমনিরহাট ডায়াবেটিক সমিতির বহুতল ভবন, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ভবন, লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে লালমনিরহাট-বুড়িমারী পর্যন্ত ৮৫ মিটার দীর্ঘ রেললাইন উদ্বোধন করবেন তিনি।
মতাবিনিময় সভায় কাদের বলেন “কুড়িগ্রামে দ্বিতীয় ধরলা সেতুর কাজ বর্তমান সরকারের আমলে শুরু হবে।”
‘প্রতিশ্রুতি দিয়ে আমি হাততালি নিতে চাই না’ মন্তব্য করে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর অনেক প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি। সরকার ছোট হলে আমরাও ছোট হব।”
কুড়িগ্রাম জেলার সব রাস্তা আগামী এপ্রিলের মধ্যে চলাচল উপযোগী করা হবে বলে ঘোষণা দেন মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২২৩৮ ঘ.
bdnews24