২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদলিতে ‘ক্ষুব্ধ’ হয়ে বিচারকের পদত্যাগ

যোগদানের চার মাসের মাথায় বদলি করায় চাকরি থেকে অব্যাহতির আবেদন করেছেন চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আব্দুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 03:20 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগদানের চার মাসের মাথায় বদলি করায় চাকরি থেকে অব্যাহতির আবেদন করেছেন চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আব্দুর রহমান। মঙ্গলবার বিকালে বদলির আদেশ আসার পর আইন মন্ত্রণালয়ের সচিব বরাবরে তিনি পদত্যাগপত্র পাঠান বলে আইনজীবীরা জানিয়েছেন। এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বিচারক আব্দুর রহমানের কাছে অনুরোধ জানানোর পাশাপাশি বদলির আদেশ প্রত্যাহারের জন্যও মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। আব্দুর রহমানের বদলি এবং তার প্রতিক্রিয়ায় পদত্যাগের খবর জানার পর বুধবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বৈঠকে বসে। সভার পর সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আব্দুর রহমান সৎ ও নীতিবান বিচারক। দুর্নীতিবাজ হলে তিনি কখনো পদত্যাগ করতেন না।” আব্দুর রহমানকে বদলির জন্য মুখ্য মহানগর হাকিম নিজামুল হককে দায়ী করেছেন আইনজীবীরা। দেলোয়ার বলেন, “আমরা প্রধান বিচারপতি, আইনমন্ত্রী, আইন প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ করেছি, যেন তার বদলির আদেশ প্রত্যাহার করা হয়।” সভার সিদ্ধান্ত ফ্যাক্স যোগে সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান সমিতির সভাপতি। নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে আইন মন্ত্রণালয় অধস্তন আদালতের বিচারকদের বদলির আদেশ দেন। এই বছরের ৯ মে আব্দুর রহমান অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হিসেবে চট্টগ্রামে দায়িত্ব নেন। মঙ্গলবার বরিশাল জেলা যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে তার বদলির আদেশ আসে। পদত্যাগপত্রে আব্দুর রহমান বদলির জন্য চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) দিকে অভিযোগের আঙুল তুলে লিখেছেন, “সিএমএম কর্তৃক আনীত অভিযোগের কোনো তদন্ত ছাড়াই চার মাসের মধ্যেই বদলির আদেশে আমি মানসিকভাবে হতাশ ও ক্ষতিগ্রস্ত হব মর্মে আশঙ্কা করছি।” “বিনা তদন্তে আমি ন্যায়বিচার হতে বঞ্চিত হলাম। বিচারের ন্যায়দণ্ড ধরে রাখতে পারলাম না বলে আমি মাননীয় প্রধান বিচারপতি ও বাংলাদেশের সব ন্যায়বিচারকের কাছে ক্ষমা প্রার্থী,” লিখেছেন তিনি। আগের মতো আইন পেশায় ফিরতে আগ্রহের কথাও জানান এই বিচারক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এমআই/০৯১৪ ঘ.