২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্গঠিত পরিচালনা পর্ষদের তালিকা চেয়েছে এসইসি

নিয়ন্ত্রক সংস্থার বাধ্যবাধকতা মেনে কোম্পানির ২ শতাংশ শেয়ার ধারণকরা পরিচালকদের নিয়ে পুনর্গঠিত পর্ষদের তালিকা চেয়েছে এসইসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 02:12 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়ন্ত্রক সংস্থার বাধ্যবাধকতা মেনে কোম্পানির ২ শতাংশ শেয়ার ধারণকরা পরিচালকদের নিয়ে পুনর্গঠিত পর্ষদের তালিকা চেয়েছে এসইসি। বুধবার কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী ১৫ নভেম্বরের মধ্যে তাদের তালিকা জমা দিতে হবে। বুধবার এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “২২ মে ২০১২ থেকে যেসব উদ্যোক্তা/পরিচালকের কোম্পানিতে ২ শতাংশ শেয়ার নেই তাদের বাদ দিয়ে পুনর্গঠিত পরিচালনা পর্ষদের তালিকা ১৫ নভেম্বরের মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দিতে হবে।” এর আগে গত বুধবার ২৩৩ কোম্পানির পরিচালকের বিষয়ে পাওয়া তথ্য পরীক্ষা-নিরীক্ষা করে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে কমিশন সভায় উপস্থাপনের সিদ্ধান্ত হয়। দুই শতাংশ শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর প্রজ্ঞান জারি করে এসইসি। এতে বলা হয়, তালিকাভুক্ত কোম্পানির প্রত্যেক উদ্যোক্তা পরিচালকের হাতে কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে। এছাড়া উদ্যোক্তা পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। নির্দেশনাটি বাস্তবায়নে এসইসির বেঁধে দেয়া সময় শেষ হয় গত ২১ মে। বেশ কয়েকজন পরিচালক এর বিরুদ্ধে উচ্চ আদালতে গেলেও আদালতের রায় এসইসির পক্ষে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এএল/২০০৯ ঘ.