নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের চাপায় এক যুবক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্ষুদ্ধ এলাকাবাসী প্রায় একঘন্টা সড়ক অবরোধ করেছে।
বুধবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনি এলাকায় এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা।
নজরুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে রূপগঞ্জ থানার ওসি আতিকু রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালনি এলাকায় মদনপুর-জয়দেবপুর (এশিয়ান হাইওয়ে) সড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাস পেছন থেকে চাপা দিলে পথচারী নজরুল গুরুতর আহত হন।
নজরুল আহত হওয়ার ঘটনার খবর পেয়ে এলাকার লোকজন ক্ষুদ্ধ হয়ে সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
সকার সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মদনপুর-জয়দেবপুর সড়ক অবরোধ করে রাখে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬০৬ ঘ.
bdnews24