চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর সিটি গেইট সংলগ্ন উত্তর কাট্টলী এলাকা থেকে ৫৯০ বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পাহাড়তলীর উত্তর কাট্টলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক ও প্রাইভেটকারসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ এর কর্মকর্তা মেজর রাকিবুল আমীন।
গ্রেপ্তার পাঁচজন হলেন- রিপন চৌধুরী (৩২), সৈয়দ রাহাত (৩০), ট্রাকচালক আব্দুর রশীদ (৫০), ট্রাকচালকের সহকারী মো. রুবেল (২০) ও প্রাইভেট কারচালক মো. কাওসার (২৮)।
মেজর রাকিবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিল্লা থেকে এই মাদক আসার খবর পেয়ে ট্রাক ও প্রাইভেটকার থামিয়ে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কুমিল্লা থেকে নিয়মিত চট্টগ্রাম মহানগরীতে মাদক নিয়ে আসছিল বলে র্যাবের কাছে স্বীকার করেছেন।
র্যাব জানিয়েছে, রিপনের বিরুদ্ধে রাঙামাটি ও কোতোয়ালি থানায় মাদক আইনে চারটি মামলা রয়েছে।
ফেনসিডিল জব্দের ঘটনায় পাহাড়তলী থানায় মাদক আইনে রিপনসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৬১৬ ঘ.
bdnews24