২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনশক্তি রপ্তানি বন্ধের হুমকি বায়রার

সরকারি পর্যায়ে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু হলে বিদেশে লোক পাঠানো বন্ধের হুমকি দিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 07:03 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি পর্যায়ে মালয়শিয়ায় জনশক্তি রপ্তানি শুরু হলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে লোক পাঠানো বন্ধের হুমকি দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ-বায়রা। বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে সংবাদ সম্মেলন করে জনশক্তি রপ্তানিকারকদের এই সংগঠনের সভাপতি শাহজালাল মজুমদার ও মহাসচিব আলী হায়দার চৌধুরী এই ঘোষণা দেন। তারা বলেন, সরকার অবস্থান না বদলালে তারা আর জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) লোক পাঠানোর জন্য ছাড়পত্র নিতে যাবেন না। এই অবস্থা থেকে জনশক্তি রপ্তানি খাতকে রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বায়রা নেতারা। দীর্ঘদিন লোক নেয়া বন্ধ রাখার পর বাংলাদেশ সফরে এসে মালয়শিয়ার মানবসম্পদমন্ত্রী এস সুব্রামানিয়াম গত ১২ সেপ্টেম্বর জানান, বাংলাদেশ থেকে আবার জনশক্তি নিতে তারা রাজি। তবে তারা লোক নেবে উভয় দেশের সরকারি পর্যায়ে। ওই সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা খন্দকার মোশাররফ হোসেনও জানান, মালয়শিয়ার শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে লোক পাঠানো হবে সরকারিভাবে। কারণ তারা কর্মী নেওয়ার ক্ষেত্রে কোন দালাল বা মধ্যস্বত্ত্বভোগী রাখতে চায় না। অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং দালাল বা মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম নিয়ন্ত্রণেই এ সিদ্ধান্ত হয়েছে বলে তারা জানান। বায়রার সভাপতি শাহজালাল মজুমদার বলেন, সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের নেতিবাচক প্রচারণা বন্ধ এবং মালয়শিয়ায় সরকারিভাবে লোক পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে না এলে বায়রার সদস্যরা বিদেশে জনশক্তি রপ্তানি বন্ধ করে দেবে। তিনি বলেন, ১৯৭৬ সাল থেকে এ বছরের আগস্ট পর্যন্ত মোট ৮১ লাখ ৮১ হাজার ২৭৪ জন বাংলাদেশি কর্মী বিভিন্ন দেশে গেছেন। এরমধ্যে সরকারিভাবে হয়তো ৫০ হাজার লোক বিদেশে গেছেন। বাকি ৮১ লাখেরও বেশি লোক গেছেন এজেন্সিগুলোর মাধ্যমে। এত গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও জনশক্তি রপ্তানিকারকদের সম্পর্কে সা¤প্রতিক সময়ে মন্ত্রী ও সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা নেতিবাচক মন্তব্য করছেন। তাদের এই অবস্থান বদলাতে হবে। সরকারের বক্তব্যের জবাবে মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, ২০০৭ ও ’০৮ সালে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কর্মী পাঠিয়ে বায়রা অনিয়ম করেছিল বলে সরকার অভিযোগ করছে। কিন্তু দূতাবাস বা হাইকমিশনের সত্যায়ন ছাড়া জনশক্তি রপ্তানিকারকরা কোন লোক পাঠাতে পারেন না। কোনো অনিয়ম এজেন্সিগুলো করে থাকলে সরকার ব্যবস্থা নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। সভাপতি শাহজালাল মজুমদার মালয়শিয়ায় সরকারি পর্যায়ে লোক পাঠানোর বিষয়ে সরকারের নানামুখী বক্তব্যের সমালোচনা করেন। সংবাদ সম্মেলনে বায়রার জ্যেষ্ঠ সহ-সভাপতি মনসুর আহমেদ কালাম ও অর্থসচিব ফারুক আল মাহমুদসহ কার্যকরি পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এএল/১২৫০ ঘ.